রাজধানী ফিরেছে পুরোনো চেহারায়। নগরে গতকাল ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি চোখে পড়লেও অফিসগামী মানুষের ভোগান্তির শেষ ছিল না। সদরঘাট থেকে গুলিস্তান, গাবতলী থেকে ফার্মগেট, কমলাপুর থেকে সায়েদাবাদ ও মতিঝিলের পথে যেতে ছিল দীর্ঘ যানজট। শত দুর্ভোগ উপেক্ষা করে সেই যানজটের নগরীতেই ফিরে আসছেন সবাই।গাবতলী বাসস্ট্যান্ড, সদরঘাট লঞ্চঘাট ও কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, কর্মস্থলে যোগদানের লক্ষ্যে রোববার সকাল হওয়ার আগেই রাজধানীর প্রবেশমুখগুলোতে হাজারো মানুষের ভিড় জমে। ভোর রাত থেকেই আসতে থাকে বাস, লঞ্চ ও ট্রেন। চিরচেনা রাজধানীতে এসেও ছিনতাইকারীর ভয়ে সকাল হওয়ার আগে বাস ও লঞ্চ স্টেশন ছাড়তে পারেননি বহু মানুষ। ঘরে ফিরতে অপেক্ষা করতে হয় সকাল পর্যন্ত।রাজধানীমুখী যাত্রীরা জানান, গাদাগাদি করে কোনোমতে লঞ্চের এক কোণে স্থান করে সদরঘাটে পৌঁছাতে হয়েছে অনেককে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে আসা যাত্রীদের যানজটে পড়েতে হয়েছে আরিচা ঘাটে। ভোরে প্রায় দুই ঘণ্টা বিলম্বে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে। ফলে ট্রেনযাত্রীদের ভোগান্তিরও কমতি ছিল না। ঈদ শেষেও বাস ও লঞ্চযাত্রীদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া।ট্রেনযাত্রীরা ফিরেছে অনেক কষ্টে: অফিস খোলার দিনে কমলাপুর রেলস্টেশনে ছিল ভিন্ন চিত্র। ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোর থেকেই হাজার হাজার যাত্রী পৌঁছায় কমলাপুর স্টেশনে। ভোরে রাজশাহী থেকে আসা ট্রেন ‘ধূমকেতু’ ও দিনাজপুর থেকে আসা ‘একতা’সহ বেশ কয়েকটি ট্রেনের গন্তব্যে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা দেরি হয়। তবে চট্টগ্রামের যাত্রীরা নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছেছে।রাজশাহী থেকে আসা যাত্রী মোবারক হোসেন বলেন, অফিসে যেতে হবে বলে ঈদ শেষে তাড়াহুড়ো করে সকালের ট্রেনে ঢাকা ফিরেছি। পথে পথে যাত্রী ওঠানোর কারণে ট্রেন আসতে অনেক দেরি হয়েছে। ফলে ভোগান্তি পোহাতে হয়েছে বহু যাত্রীকে। অব্যবস্থাপনাই এর প্রধান কারণ।যাত্রীদের এমন অভিযোগ থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, ঢাকামুখী যাত্রীদের বহন করাও কর্তৃপক্ষের দায়িত্ব। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপনায় ত্রুটি নেই। কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে গন্তব্যে পৌঁছালেও ঈদের পরে নির্বিঘ্নে যাত্রীদের ঢাকায় আনার চেষ্টা করছি আমরা। ঈদের বিশেষ ট্রেন সার্ভিস এখনো চালু আছে।’ফেরিঘাটে যানজটের কবলে বাসযাত্রীরা: ভোর হতে না হতেই রাজধানীমুখী হাজারো মানুষের ঢল নামে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ডে। ঈদের পর থেকে নগরে যানবাহন কম থাকলেও গতকাল ছিল ভিন্ন চিত্র। গাবতলী থেকে বিভিন্ন রুটের বাস পাওয়া গেছে সহজেই। তবে সিএনজি চালিত অটোরিকশা কিংবা রিকশায় চলাচলকারী যাত্রীদের ভোগান্তি ছিল আগের মতোই। ভোরের দিকে এই ভোগান্তি সীমা ছাড়িয়ে যায়। যাত্রীরা জানান, ঈদের সময় বাড়ানো অতিরিক্ত ভাড়া এখনো নেওয়া হচ্ছে। ঢাকায় প্রবেশে যানজটে পড়তে না হলেও ফেরিঘাটে যানজটে কিছু বাস দেরিতে এসেছে।গাবতলী বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার আমিনুর রহমান প্রথম আলোকে জানান, যাত্রী পরিবহন ও যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় অফিসফেরা মানুষের ভিড় শনিবার থেকে বেড়েছে। তবে রোববারও এই ভিড় ছিল। এখনো বহু মানুষ ফেরেনি। ফলে চলতি সপ্তাহজুড়েই ভিড় থাকতে পারে।লঞ্চযাত্রীরা ঝুঁকি নিয়ে সদরঘাটে: দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চযাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে গতকাল কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন। সকাল নয়টার মধ্যে দূরপাল্লার যাত্রী বোঝাই সব লঞ্চ ঘাটে ভেড়ে। কর্মস্থলে যোগদানের প্রথম দিনে সদরঘাটে প্রচণ্ড ভিড় ছিল। যাত্রীদের অভিযোগ, ঈদে বাড়ি যেতে যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, ঢাকায় ফিরতেও ছিল একই ভোগান্তি। ভোলা থেকে আসা যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘আজ (রোববার) অফিসে যোগ দিতে হবে। তাই পরিবার-পরিজন বাড়িতে রেখে এসেছি। অনেক চেষ্টা করেও কেবিন পাইনি। কোনোমতে লঞ্চের দোতলায় বসার জায়গা পেয়েছিলাম। কষ্ট হলেও গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া।’ঢাকায় ফিরতে যাত্রীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক (পরিবহন) এ বি এস মাহমুদ প্রথম আলোকে জানান, এখন যাত্রীদের ঢাকায় ফেরার পালা। শনিবার থেকে সদরঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে। অফিস খোলার কারণে রোববার এই ভিড় অনেক বেড়ে যায়।