কাল শুক্রবার টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে মুসলমানদের ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। ইজতেমা আয়োজনের প্রস্তুতি শেষের পথে। অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠুভাবে যান চলাচলের জন্য ইজতেমা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমা এবার হবে দুই পর্বে। ২১ থেকে ২৩ জানুয়ারি প্রথম এবং দ্বিতীয় পর্ব হবে ২৮ থেকে ৩০ জানুয়ারি। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ২৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং ২৯ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পুলিশ ইজতেমা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করবে। পুলিশের ঢাকা মহানগর শাখা, ঢাকা ও গাজীপুর জেলা পুলিশ এ কাজ করবে। ওই সময় ধৌড় সেতু থেকে আবদুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে বিমানযাত্রী, বিমানের ক্রু বহনকারী যান, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অন্য যানবাহনগুলোকে বিমানবন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে হবে। তা ছাড়া যেসব মুসল্লি হেঁটে ইজতেমায় যাবেন, তাঁদের তুরাগ নদের ওপর নির্মিত সেতু অথবা কামারপাড়া সেতু দিয়ে যেতে অনুরোধ করেছে পুলিশ। গাড়ি রাখা: ইজতেমায় আসা মুসল্লিদের গাড়ি রাখার স্থান নির্ধারণ করে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর এলাকার যানবাহন রাখার জায়গা হলো—‘সাধারণ গাড়ি রাখা-১’ নিকুঞ্জ-১, আবাসিক এলাকার খালি জায়গা; ‘সাধারণ গাড়ি রাখা-২’ উত্তরা ৬ নম্বর সেক্টর ও রাজউক উত্তরা কলেজের আশপাশের খালি জায়গা। ঢাকা বিভাগের জন্য সোনারগাঁও সড়ক ও জনপথ সড়কের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত এবং ঢাকা জেলার জন্য আশুলিয়া কলেজ ও আশুলিয়া হাইস্কুল মাঠে গাড়ি রাখার জায়গা নির্ধারণ করা হয়েছে।সিলেট বিভাগের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টর, বরিশালের জন্য আশুলিয়া ধৌড় সেতু ক্রসিংয়ের সামনের জায়গা, চট্টগ্রামের জন্য উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম সড়ক ও গরীবে নেওয়াজ সড়কের দুই পাশে, খুলনার জন্য উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টরের রাস্তার দুই পাশ ও ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা, রাজশাহী ও রংপুরের জন্য কামারপাড়া হাউজিং মাঠ ও উত্তরা ১০ নম্বর সেক্টরের খালি জায়গা এবং বরিশালের জন্য ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা গাড়ি রাখার জন্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার চান্দনা হাইস্কুল মাঠ, কে-২/নেভি সিগারেট কারখানার পাশের জায়গা, কাদেরিয়া টেক্সটাইল মিল প্রাঙ্গণ, মেঘনা টেক্সটাইল মিলের আশপাশের রাস্তা, শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ, জয়দেবপুর চন্দনা চৌরাস্তা ট্রাক টার্মিনালে গাড়ি রাখা যাবে।তবে মহাখালী ক্রসিং থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা, আবদুল্লাহপুর থেকে বাইপাইল এবং প্রগতি সরণিতে অবস্থিত মধ্য বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রগতি সরণি ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন রাখা যাবে না। মুসল্লিদের প্রতি পরামর্শ: ইজতেমা চলাকালে কোনো মুসল্লির টাকা ও মূল্যবান সামগ্রী চুরি হলে নির্ধারিত খিত্তায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো, সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখা গেলে পুলিশকে অবহিত করা, দুর্ঘটনা এড়াতে রান্না করার সময় সতর্ক থাকা, অসুস্থ হলে ইজতেমাস্থলের অস্থায়ী হাসপাতালে নিয়ে যেতে মুসল্লিদের অনুরোধ করেছে পুলিশ।