যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কিবরিয়ার জামিন স্থগিত থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি এ এইচ এম কিবরিয়ার জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। কিবরিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও এ এম আমিন উদ্দিন।
বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচি চলাকালে ২০১২ সালের ৯ ডিসেম্বর বাহাদুর শাহ পার্কের কাছে একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে দরজি বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়। আলোচিত এই হত্যা মামলার রায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ৮ জন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া কিবরিয়া পরে হাইকোর্টে আপিল করে জামিন চান। ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা স্থগিত হয়ে যায়। গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রাখা হয়।