যারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী: জমিয়তে উলামায়ে ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। যারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী। ইসলাম সন্ত্রাস সমর্থন করে না। হজরত মুহাম্মদ (সা.) কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহা উদ্দিন জাকারিয়া বলেন, যারা কোরআনের অবমাননা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এ ঘটনা যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয়।

কোরআনের অবমাননা সহ্য করা হবে না জানিয়ে দলের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘আমাদের প্রতিবাদ হবে অহিংস। কোনো হামলা করব না। যারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী। ইসলাম সন্ত্রাস সমর্থন করে না।’ তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর প্রকৃত জীবনাদর্শ উম্মাহর মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তিনি কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি।

যে সরকার দেশের জানমালের নিরাপত্তা দিতে পারে না, তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন দলের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফি। তিনি বলেন, মুসলমানদের সাবধান থাকতে হবে। বিক্ষোভ করতে গিয়ে অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালানো যাবে না। তাঁরা রাজনৈতিক প্রতিহিংসা চান না বলেও জানান তিনি।