যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এয়ার সার্ভিসেস চুক্তি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এয়ার সার্ভিসেস চুক্তি সই হয়েছে।গত সোমবার সৌদি আরবের জেদ্দায় দ্বিপক্ষীয় এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের বিমান প্রবেশের দ্বার উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ বিভিন্ন কারণে বাংলাদেশের সিভিল এভিয়েশনকে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-২-এ নামিয়ে আনায় ২০০৬ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত উড়োজাহাজ ওই দেশের আকাশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।ঢাকা থেকে গত বুধবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ‘এয়ার সার্ভিসেস নেগোসিয়েশন কনফারেন্স ২০১২’-এ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই দ্বিপক্ষীয়চুক্তি হয়। এতে বাংলাদেশের পক্ষে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ও যুক্তরাষ্ট্রের পক্ষে ওই দেশের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সিনিয়র নেগোসিয়েটর ব্রায়ান জে হেপবার্গ সই করেন।