যুক্তিমঞ্চে রচিত হোক গণতন্ত্রের অঙ্গীকার
‘যুক্তিমঞ্চে রচিত হোক গণতন্ত্রের অঙ্গীকার, বিকশিত হোক সামষ্টিক অর্থনীতি’ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে প্রথম আলো-এমজিজিএসডিসি (মতিঝিল সরকারি বালিকা স্কুল ডিবেটিং ক্লাব) তৃতীয় আন্তস্কুল ও দ্বিতীয় আন্তশিশু বিতর্ক প্রতিযোগিতা ২০১২। গতকাল শনিবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সমাজ যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন তা একটি যুক্তির মাধ্যমে যায়। তাই প্রতিটি মানুষকে যুক্তির মাধ্যমে সমাজের কল্যাণে সামনে এগিয়ে আসতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, দেশকে নতুনভাবে সাজাতে আজকের তরুণদেরই এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে দেশকে ভালোবাসতে হবে মায়ের মতো করে। বদলে দিতে হবে আজকের সমাজকে।মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এমজিজিএসডিসির প্রধান উপদেষ্টা তানজিল আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, মতিঝিল সরকারি বালিকা স্কুল ডিবেটিং ক্লাবের সভাপতি সামিনা জাহান প্রমুখ। প্রথম দিনে বিতর্কের বিষয়গুলো ছিল ‘গণতন্ত্র হলো কল্পকাহিনি’, ‘বর্তমান অবস্থায় ঈশ্বর আজ অর্থের কাছে বন্দী’, ‘গণতন্ত্র চর্চাই বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের পথকে সুগম করতে পারে।’ এবারের বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর বাইরের দুটিসহ মোট ১৬টি বিদ্যালয় ৩৫ দলে অংশ নিচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহমিনা করিম।বিতর্ক অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো অনলাইন ও এবিসি রেডিও।