যুক্তির জোরেই মত প্রতিষ্ঠা হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে প্রধানমন্ত্রী ‘একমাত্র সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব’ শীর্ষক বিল উত্থাপন করেন। বিরোধী দলের বিরোধিতা ও যুক্তি খণ্ডন শেষে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়ে বিলটি সংসদে গৃহীত হয়।এটি ছিল জাতীয় সংসদের আদলে ছায়া সংসদে উত্থাপিত বিল। সরকারি দলে ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং বিরোধী দলে ছিল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকেরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম রানারআপ, হলিক্রস কলেজ দ্বিতীয় রানারআপ এবং মতিঝিল আইডিয়াল কলেজ তৃতীয় রানারআপ হয়েছে।গতকাল বুধবার বসুন্ধরা সিটির এটিএন বাংলার স্টুডিওতে এই ছায়া সংসদ অধিবেশন বসেছিল। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন উপলক্ষে গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার গতকাল ছিল চূড়ান্ত পর্ব। কন্যাশিশুর অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নগরের আটটি কলেজের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।ছায়া সংসদের পর্যবেক্ষক ও প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, জোরের যুক্তি নয়, যুক্তির জোরেই মত প্রতিষ্ঠা হওয়া উচিত। ছায়া সংসদের সাংসদরা যেভাবে যুক্তি দিয়ে মত প্রতিষ্ঠা করল, জাতীয় সংসদের সাংসদরা তা দেখলে অনেক কিছু শিখতে পারতেন। তিনি আরও বলেন, বিতর্ক জ্ঞাননির্ভর। চিন্তার নতুন জগৎ তৈরি করে। এটি গণতন্ত্রের বিকাশে সহায়ক। ইউএনএফপিএর দেশীয় প্রতিনিধি আর্থার এরকেন বলেন, অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। তবে ৬৫ শতাংশ কন্যাশিশুর ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। শহুরে শিশুদেরও এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই সামাজিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে।ছায়া সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। তিন সাংবাদিক আরিফুর রহমান, নাদিরা কিরণ ও শাহরিয়ার হাসান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।