যুক্তির মহা আয়োজন শেষ
ব্যাটম্যান রাতের অন্ধকার থেকে সবাইকে আলোর জগতে ফিরিয়ে আনে। আর স্পাইডারম্যান জাল বিস্তার করে সবাইকে একসঙ্গে নিয়ে উন্নয়নের পথে হাঁটে। ব্যাটম্যান হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি আর স্পাইডারম্যান হচ্ছে বৈপ্লবিক চেতনাসম্পন্ন মানুষ।‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’-এর স্কুল পর্যায়ের বিতর্কের ফাইনালে গতকাল সোমবার তার্কিকেরা এভাবে সংজ্ঞায়িত করেছে ব্যাটম্যান ও স্পাইডারম্যানকে। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘আগামীর দিন স্পাইডারম্যানদের নয়, ব্যাটম্যানদের।’ বিতর্কে তার্কিকেরা সাম্রাজ্যবাদী শক্তি আর বৈপ্লবিক চিন্তাধারার মানুষের মধ্যে আগামী দিনের বিশ্ব কে শাসন করবে, তার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে। সংসদীয় ধারায় উপস্থাপন করেছে যুক্তি ও তথ্য। এই বিতর্কের মধ্য দিয়ে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শেষ হয়েছে যুক্তির মহা আয়োজন দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের (এমজিবিএসডিসি) আয়োজনে এ বিতর্ক-পর্ব শেষে হয় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক শওকত হোসেন। বক্তব্য দেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম, এমজিবিএসডিসির মডারেটর শামীমা আক্তার ও সভাপতি নাহিয়ান বিন খালেদ।আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদদের অনেকে বিতর্কের মতো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেননি বলে সংসদে কোনো যুক্তিতর্ক নেই। এর চর্চাও হয় না। কিন্তু আজকের শিক্ষার্থীরা বিতর্কের চর্চার মধ্য দিয়ে এগিয়ে গেলে ভবিষ্যতে সংসদে সেই চর্চা শুরু হবে।’শওকত হোসেন বলেন, ‘বিতর্কের মতো ভালো চর্চার সঙ্গে থাকলে ভবিষ্যতে দেশের উন্নতি সম্ভব।’আলোচনা-পর্ব শেষে ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিশু বিভাগে বিজয়ী হয় ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব-প্রতীতি, রানার্সআপ যোসেফাইট ডিবেটিং ক্লাব-১। এ বিভাগের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে যোসেফাইটের আওসাফ আশরাফ। স্কুল পর্যায়ে বিজয়ী দল এমজিবিএসডিসি-অরিন্দম ও রানার্সআপ আইডিয়াল ডিবেটিং ক্লাব-৪, সেরা বিতার্কিক এমজিবিএসডিসির নাফিজ ফেরদৌস। ক্লাব পর্যায়ে বিজয়ী নটর ডেম ডিবেটিং ক্লাব-আলফা ও রানার্সআপ গ্রুপ অব ডিবেটরস, শ্রেষ্ঠ বিতার্কিক গ্রুপ অব ডিবেটরসের নাজমুল হোসেন। শিশু বারোয়ারি বিতর্কে প্রথম-সুমাইয়া ইসলাম, দ্বিতীয়-নেয়ামত উল্লাহ ও তৃতীয়-সেঁজুতি সীমান্ত। স্কুল বারোয়ারিতে প্রথম-অমিত প্রামাণিক, দ্বিতীয়-শৌভিক কুণ্ডু, তৃতীয়-এইচ এম সাবির নূর। ক্লাব বারোয়ারিতে প্রথম-অভিষেক জামান, দ্বিতীয়-সাঈদ তাসনিম মাহমুদ ও তৃতীয়-খন্দকার ওয়াহেদুর রহমান। গত ১৯ মে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা। ছয় দিনের এই বিতর্ক উৎসবে ৪০টি স্কুল দল, ৩২টি শিশু দল ও ২৪টি ক্লাব বিতর্ক দলসহ ৯৬টি দল অংশ নেয়।প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.pৎothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২।