যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে জোটের পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও হাতে ফাঁসির দড়ি, কারও হাতে যুদ্ধাপরাধীদের বিকট চেহারার ছবি, কেউবা বুকে ঝুলিয়েছেন তাঁদের বিচারের দাবি লেখা প্লাকার্ড। একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজকের দিনের বিশ্ববিদ্যালয়পডুয়া তরুণ সবাই গতকাল শনিবার এক পদযাত্রায় রাজপথে নেমেছিলেন এভাবে। সবারই এক দাবি, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার চাই। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ পদযাত্রার আয়োজন করে। আয়োজক সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছে, জনজীবনের তীব্র সংকট ঢাকতে পুরোনো বিষয় টেনে আনা হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে তাঁরা বড় ধরনের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।সমাবেশে সাহিত্যসেবী মফিদুল হক, সাংস্কৃতিকব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন। ঘোষণাপত্র পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।