যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদীদের অর্থের উৎস বন্ধ করা ও যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবি জানিয়েছে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’। গতকাল সোমবার মুক্তাঙ্গনে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। সমাবেশ শেষে সংগঠনটি নগরে জঙ্গিবাদবিরোধী মিছিল বের করে।সমাবেশে সংগঠনের নেতারা বলেন, জঙ্গিবাদীদের প্রতিহত করতে হবে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রামের মাধ্যমে। তাঁরা বলেন, জঙ্গিদের তৎপরতা বন্ধ করতে প্রথমে তাদের অর্থের উৎসমুখ চিহ্নিত করে তা বন্ধ করে দিতে হবে।সমাবেশকারীরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের কাজের গতি মন্থর হয়ে পড়েছে। নির্বাচনী ওয়াদা অনুযায়ী সরকারকে এ বিচার করতেই হবে। শুধু কয়েকজন মানুষকে ফাঁসি দিলে হবে না। যুদ্ধাপরাধের বিচার করতে হবে। এজন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।খেলা ঘরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংরক্ষণ পরিষদের নেতা আসাদুজ্জামান, ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্রলীগ (জাসদ) সভাপতি হোসেন আহমেদ তাফসির, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসতমসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতারা সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন।সমাবেশ শেষে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল করে ‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ’। মিছিলটি মুক্তাঙ্গন থেকে জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।