যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জনের পাশাপাশি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব ধরনের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে কবি সুফিয়া কামালের স্মরণসভায় কমিটির পক্ষ থেকে ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবির মধ্য দিয়ে গতকাল কবি সুফিয়া কামালের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করে ৬১টি বেসরকারি সংগঠনের মোর্চা ‘সামাজিক প্রতিরোধ কমিটি’। পাশাপাশি কবি সুফিয়া কামালের মানবমুক্তি ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।সভায় সাম্প্রতিক সময়ের নারী উত্ত্যক্তকরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচন, রাজনৈতিক দলের নীতিনির্ধারণীসহ সর্বস্তরে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত, সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, কবি সুফিয়া কামালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের দাবি জানানো হয়।বক্তারা বলেন, সুফিয়া কামালের গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী ভূমিকা আজকের নারী সমাজে সব অবক্ষয়, নারী নির্যাতন, উত্ত্যক্তকরণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে একটি প্রতিবাদী চেতনা হিসেবে অনুপ্রাণিত করে চলেছে।সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, কর্মজীবী নারীর সভাপতি শিরিন আক্তার, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।