যুদ্ধাপরাধীদের প্রতিরোধ ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতির মিনার থেকে। ভাষার লড়াইয়ের মধ্য দিয়েই তো শুরু হয়েছিল মুক্তির সংগ্রাম। গতকাল মঙ্গলবার মুুক্তির সংগ্রামের এই পীঠস্থান থেকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা শুরু করলেন বিজয় মিছিল। শহীদ মিনার থেকে বিশাল মিছিল মিলল স্বাধীনতার চূড়ান্ত বিজয় লাভের পুণ্য স্থান সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে। এখানেই শুরু হলো সমাবেশ। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশ ও মিছিলের আয়োজক ছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বর্ণাঢ্য মিছিলের একেবারে সামনে পীতরঙা পোশাকে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কন্টিনজেন্টের সদস্যরা। মার্চপাস্ট করে তাঁরাই এগিয়ে নিয়ে গেলেন মিছিল। তাঁদের পেছনে জাতীয় পতাকা, সংসদের লাল পতাকা হাতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা। সবার কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলার মাটিতে, যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই’ স্লোগান। শিখা চিরন্তনের সমাবেশের সব বক্তা যুদ্ধাপরাধীদের প্রতিরোধ ও তাদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে ছিলেন সোচ্চার। সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বললেন, মুক্তিযোদ্ধারা বহুধাবিভক্ত, কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তি সংঘবদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ‘আশা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে অন্তত খালেদা জিয়া নিরপেক্ষ থাকবেন। কিন্তু এখন তিনি সর্বশক্তি নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে নেমে পড়েছেন।’ আজ যে সময় এই সমাবেশ চলবে সেই সময় দেশের প্রতিটি উপজেলা ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করবেন বলে ঘোষণা দেন মুক্তিযোদ্ধা সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সমাবেশের ঘোষণা দেন তিনি।সফিকুল বাহার মজুমদারের পরিচালনায় গতকালের সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, এমদাদ হোসেন প্রমুখ। সমাবেশের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।