ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও দেশকে দুর্নীতিমুক্ত করার শপথ নিয়েছেন তরুণেরা। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজিত অনুষ্ঠানের তাঁরা এই শপথ নেন। আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে টিআইবি।দিনটি উপলক্ষে আজ টিআইবি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।গতকালের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্বাধীনতার ৪০ বছর উদ্যাপনের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে দুর্নীতি প্রতিহত করার শক্তিতে রূপান্তর করার কথা বলেন।অনুষ্ঠান উদ্বোধন করে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তাজুল ইসলাম দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান।শুরুতে দুর্নীতিবিরোধী নাটক পরিবেশন করে টিআইবির তরুণ স্বেচ্ছাসেবকদের সংগঠন ঢাকা ইয়েস। সঙের বিধান নামের এই নাটকে শিক্ষা, স্বাস্থ্যসেবা বিষয়ে নাগরিক সনদ ও তথ্য অধিকার নিয়ে সমাজের বিভিন্ন অসংগতির চিত্র তুলে ধরা হয়।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দলছুট ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। এতে শাহীন সামাদ, তিমির নন্দী, মনোরঞ্জন ঘোষাল ও ডালিয়া নওশীন মুক্তিযুদ্ধের সময়ের অনুপ্রেরণাদায়ক গান পরিবেশন করেন। শিল্পী সায়ান ও হাসান আবিদুর রেজা জুয়েল মুক্তির গান শোনান। সবশেষে ছিল দলছুটের পরিবেশনা।এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী বলেন, দুর্নীতি রাজনীতি থেকে সংস্কৃতিতে পৌঁছে যাচ্ছে। এটা কাম্য নয়।অনুষ্ঠানে চলচ্চিত্রনির্মাতা ক্যাথরিন মাসুদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।টিআইবির কর্মসূচি: ‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ প্রতিপাদ্য নিয়ে টিআইবি আয়োজন করেছে বিতর্ক প্রতিযোগিতা, খুদে বার্তা (এসএমএস) ক্যাম্পেইন, তরুণ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন।‘দুর্নীতি ও সুশাসন’ বিষয় নিয়ে ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সঙ্গে টিআইবি আয়োজন করে দশম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।টিআইবি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাহায্যে খুদে বার্তা প্রচারণার আয়োজন করেছে। আজ মুঠোফোন ব্যবহারকারীদের কাছে এই বার্তা পাঠানো হবে।অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে আজ বিকেলে মানববন্ধন ও জয়নুল গ্যালারিতে আট দিনব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ ছাড়া দেশের ৪৫টি এলাকায় মানববন্ধন, শোভাযাত্রা, কার্টুন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, পথনাটক, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, দুর্নীতিবিরোধী শপথ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।দুদকের কর্মসূচি: দিনটি উপলক্ষে ৬২টি জেলা ও ৪২৫টি উপজেলা সদরে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সেমিনার, মতবিনিময় সভা, পদযাত্রা, মানববন্ধন প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে দুদক। দুদকের এ বছরের প্রতিপাদ্য ‘দুর্নীতি অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের বিকাশ ও দারিদ্র্য বিমোচনের প্রধান অন্তরায়: আসুন, সবাই মিলে দুর্নীতি প্রতিরোধ করি’।আজ সকালে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি শোভাযাত্রা কাকরাইল-বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দুদক।