সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের দাবি
যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে বর্তমান সরকারের আমলেই
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ না করলে দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন সম্ভব নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে এ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার না করে তাদের নানা ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হয়েছে। অসংখ্য গোপন ও প্রকাশ্য সহযোগী সংগঠন নিয়ে জামায়াত দেশজুড়ে ষড়যন্ত্রের জাল বিস্তারসহ নানা অপপ্রচার ও অন্তর্ঘাত চালাচ্ছে। তাই বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে।গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। সংগঠনের সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।সমাবেশে শওকত আলী বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধ ও এর বিচারের বিষয়টি নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। এটি চলমান প্রক্রিয়া। দেশের মাটিতে যত দিন একজনও যুদ্ধাপরাধী থাকবে, তত দিন এই বিচারপ্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় এসেছে যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত নিয়েই। তিনি আশা প্রকাশ করেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ হবে।জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেন, মহাজোট গঠন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকারের ওপর ভিত্তি করে। তাই যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে মহাজোটকে সক্রিয় করে তুলতে হবে। অন্যথায় এই বিচারপ্রক্রিয়া ঝুলে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে গণতন্ত্র নিশ্চিত করতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। সে জন্য অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানান।গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সরকার দৃঢ়তা ও দক্ষতার পরিচয় না দিলে তা সরকার ও দেশের জন্য আত্মঘাতী হবে। তিনি বিরোধী দলকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করার অনুরোধ জানান।কর্মজীবী নারীর সভাপতি শিরীন আক্তার বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ের হত্যাকারী-ধর্ষণকারীদের শাস্তি দিতে যেমন সরকার বিশেষ আদালত গঠন করেছে, বর্তমানে তেমনি নারী হত্যাকারী-ধর্ষণকারী-উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে বিশেষ আদালত গঠন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।এই সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহসভাপতি শাহ আলম, বাংলাদেশ মহিলা পরিষদের রেখা চৌধুরী, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আলী ফারুকী, বাংলাদেশ যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আলমগীর রতন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী, ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম প্রমুখ।সমাবেশে স্বাগত বক্তব্য দেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সদস্য সচিব নূর মো. তালুকদার। সমাবেশ শেষে আগামী বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন অজয় রায়।