১৫ আগস্টের মধ্যে যাবে প্রধানমন্ত্রীর কাছে
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে এক লাখ পোস্টকার্ড
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কার্যক্রমে জড়িত যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এক লাখ পোস্টকার্ড পাঠাবে।গতকাল বুধবার থেকে আগামী ১৫ আগস্টের মধ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পোস্টকার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। কাল শুক্রবার বেলা ১১টায় নগরের মিরপুর ১ নম্বর গোল চত্বরে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় শহরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান আয়োজক সংস্থার সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার। তিনি জানান, গণস্বাক্ষর সংগ্রহকারীদের কাছ থেকে দুই টাকা করে সংগ্রহ করে পোস্টকার্ডটি ডাকে পাঠানোর ব্যবস্থা করা হবে।বক্তব্যে ২২টি সংগঠনের মোর্চা জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে স্থিতিশীল রাখতে হলে মুখ্য এজেন্ডা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এ বিচার যত বিলম্বিত হবে, ততই দেশে অস্থিতিশীলতা বাড়বে। শহীদদের কাছে যে ঋণ আছে, তা শোধ না করলে রাজনৈতিক সংঘাত কমবে না।সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়া উদ্দিন তারেক আলী, মঞ্চের সমন্বয় কমিটির সদস্য পঙ্কজ ভট্টাচার্য, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ উপস্থিত ছিলেন।