রাজধানীতে এক সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর তাগিদ দেওয়া হয়েছে। ১৯৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং পার্বত্য চট্টগ্রামে হত্যাকাণ্ডের দোসরদের বিচারও দাবি করা হয়েছে সমাবেশে।গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তবে তিনি আসেননি। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম সমাবেশে আসেন।মাহাবুব-উল-আলম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজে আমরা হাত দিয়েছি। এ বিচার করতে পারলে দেশ থেকে চিরকালের জন্য সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে তাদের ছেড়ে দিয়েছিলেন। তিনিই গোলাম আজমকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন এবং মতিউর রহমান নিজামীদের রাজনীতি করার সুযোগও করে দিয়েছিলেন।ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশাহ্ বলেন, জামায়াত-বিএনপি সরকারের মদদে দেশে জঙ্গিবাদের প্রসার ঘটেছিল। তারা ক্ষমতা থেকে চলে গেলেও এখনো ষড়যন্ত্র করে চলেছে।গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা আর স্বাধীনতা যেমন একসঙ্গে চলতে পারে না, তেমনি মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাবিরোধীরাও একসঙ্গে থাকতে পারে না। সুতরাং যুদ্ধাপরাধীদের এখনই বিচার করতে হবে। একই সঙ্গে প্রশাসন ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জঙ্গিবাদের দোসরদের অপসারণ করতে হবে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের সাম্প্রতিক একটি উক্তির উল্লেখ করে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ‘যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার আমরা মেনে নেব না। নিজামী, মুজাহিদ ও সাকা চৌধুরীর মতো দেশের সব জেলা ও উপজেলায় চিহ্নিত প্রত্যেক যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।’সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় সবাইকে ধন্যবাদ দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। এরপর একটি মিছিল বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে।