যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করা, শাস্তি নিশ্চিত করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। উদীচী এই দাবিতে সোচ্চার এবং ব্যাপক গণ-আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছে। সংগঠনটি গতকাল থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ‘প্রতিবাদ সপ্তাহ’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিবাদ সপ্তাহ চলাকালে উদীচীর সব জেলা সংসদ ও শাখা সংসদ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন, পথসভা, বিক্ষোভ মিছিল, চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করবে। প্রতিবাদ সপ্তাহের সমাপনী দিনে ১৮ জানুয়ারি ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উদীচীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশে আজ সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি ভয়াবহ তাণ্ডব সৃষ্টি করছে। ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাহাত্তরের সংবিধানে সংগত কারণেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ’৭৫-পরবর্তী সরকারগুলোর দুর্বলতার কারণে একাত্তরের পরাজিত ঘাতকেরা শক্তি সঞ্চয় করে আজ মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।’ প্রবীর সরদার আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে কালক্ষেপণ করায় বিচার কার্যক্রম বানচালের ষড়যন্ত্র করার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মনে করে উদীচী। একই সঙ্গে সংবিধানের সাম্প্রদায়িক ধারাগুলো বাতিল এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উদীচীর সভাপতি কামাল লোহানী, সহসভাপতি মাহমুদ সেলিম, শিবানী ভট্টাচার্য, হাবিবুল আলম, সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, অমিত রঞ্জন দে, বেলায়েত হোসেন, সঙ্গীতা ইমামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।