যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে কর্মজীবী নারী। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি শিরীন আখতার বলেন, যুদ্ধাপরাধীরা যখনি সুযোগ পেয়েছে, তখনি ছোবল মেরেছে। এ জন্য যুদ্ধাপরাধীদের বিচারে কালক্ষেপণ করা যাবে না। তিনি আরও বলেন, এ বিচার ঠেকাতে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুদ্ধাপরাধীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান: মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ গতকাল যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে ট্রাইব্যুনালে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। পর্যায়ক্রমে দেশের সব যুদ্ধাপরাধীদের এ বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানান আইন প্রতিমন্ত্রী। সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আহাদ চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, প্রজন্ম একাত্তরের সভাপতি শাহিন রেজা নূর, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।