যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করাসহ পাঁচ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। অন্যান্য দাবির মধ্যে অন্যতম হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি ও দল নিষিদ্ধ এবং জঙ্গিবাদীদের অর্থের প্রবাহ বন্ধ করা।গতকাল বুধবার রাজধানীর শাহবাগে টেনিস ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার।ছয় দিনের কর্মসূচিতে আছে: ৩০ অক্টোবর সারা দেশে সভা ও সমাবেশ, ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাজধানীর মিরপুর, লালবাগ, ডেমরা, মতিঝিল, ভিক্টোরিয়া পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথসভা ও প্রচারপত্র বিলি এবং ৬ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর মুক্তাঙ্গনে মিছিল ও সমাবেশ। এ ছাড়া আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার জঙ্গিদের অর্থায়নের সব উৎস বন্ধের জন্য স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।লিখিত বক্তব্যে বলা হয়, ক্ষমতাসীন দলের কোনো কোনো অঙ্গসংগঠনের কিছু নেতার কার্যক্রমের জন্য সরকারের সব অর্জন ব্যর্থ হতে বসেছে। এতে দেশকে একটি অস্থিতিশীল ধারায় ঠেলে দেওয়ার আলামত সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারী অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়া উদ্দিন তারেক আলী, সদস্য জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।