যুদ্ধাপরাধীদের বিচারে জনগণকে শক্তি জোগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তবে এতে শক্তি জোগান দিতে হবে জনগণকে। বিচারকাজ নস্যাৎ করার যত ধরনের ষড়যন্ত্র সামনে আসবে, তা জনগণকে রাজপথে থেকেই মোকাবিলা করতে হবে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক সভায় আলোচকেরা এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে গঠিত ‘যুদ্ধাপরাধী বিচার মঞ্চ’ এই সভার আয়োজন করে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচি লাগাতার চলতে থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন। সভার প্রধান অতিথি সৈয়দ হাসান ইমাম বলেন, শহীদজননী জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করার মধ্য দিয়ে বর্তমান প্রজন্মকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সচেতন করেছিলেন। সেই চেতনার ধারাবাহিকতায়ই আজ বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক করা ব্যক্তিদের বহু আগেই বিচার করা দরকার ছিল। সভায় গীতিকবি পরিষদের সভাপতি এম আর মনজুর সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে কথাশিল্পী আয়াত আলী পাটোয়ারী, মাহবুবুল আলম, কবি আসলাম সানি, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির প্রমুখ বক্তব্য দেন। সভায় যুদ্ধাপরাধ ও স্বাধীনতা নিয়ে কবিতা পাঠ করা হয়।