যুদ্ধাপরাধীদের বিচারে প্রস্তুতির অভাব আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করেছে। এতে সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্তু বিচার-প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার অভাব রয়েছে। এ ছাড়া আছে সমন্বয়হীনতা ও প্রস্তুতির অভাব।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি আয়শা খানম। বক্তারা বলেন, বেসরকারি হিসাব অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় অন্তত সোয়া চার লাখ নারী নির্যাতনের শিকার হয়েছিলেন। অথচ যুদ্ধাপরাধীদের এই বিচার-প্রক্রিয়ায় কোনো নারী সদস্যের অন্তর্ভুক্তি নেই। ট্রাইব্যুনালে অতিসত্বর প্রসিকিউটরসহ যোগ্য নারীদের নিয়োগ দেওয়া উচিত।বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক অদক্ষতা ও ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধের পরপরই যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমানে এই প্রক্রিয়া শুরু হলেও এতে মাত্র ১৫ জন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ সংখ্যা অপ্রতুল। এই প্রক্রিয়ায় অন্তত এক হাজার ৫০০ কর্মকর্তা নিয়োগ নেওয়া উচিত।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির বলেন, বিচার-প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের সমন্বয়হীনতা ও প্রস্তুতির অভাব আছে। ট্রাইব্যুনালের দুর্বল অবকাঠামোর জন্য এজলাসে ২০০ জনের বেশি লোক বসতে পারবে না। এ ছাড়া ট্রাইব্যুনালের অনেক আইনজীবী নিয়মিত অফিস করেন না। তাঁদের জন্য নেই কোনো চাকরিবিধি। অনেকের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লে. জেনারেল (অব.) এম হারুন-অর রশিদ বলেন, যুদ্ধাপরাধীরা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে। তাদের প্রতিহত করতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু সরকার তা করছে না।সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, গবেষক সৈয়দ আবুল মকসুদ, পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ আলোচনা সভায় অংশ নেন।