যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ আদালতের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিশেষ আদালতের আশপাশ ও শিশু একাডেমীর সামনের ফুটপাতের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।গতকাল বিকেলে ওই এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে হাইকোর্টের মাজার গেট পর্যন্ত ফুটপাতে মৃিশল্পের দেড় শতাধিক দোকান উচ্ছেদের কাজ চলছে। ঢাকা সিটি করপোরেশন বুলডোজার দিয়ে দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে। অনেক দোকানের মালিক কর্মচারীদের সহায়তায় মালপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।ফুটপাতের দোকানদার জাহাঙ্গীর আলম জানান, কয়েক দিন ধরেই সিটি করপোরেশন নিজ নিজ দোকান সরিয়ে নিয়ে ফুটপাত খালি করার নির্দেশ দিয়ে আসছিল। সর্বশেষ সোমবার বিকেলে তারা এলাকায় মাইকিং করে।অপর একটি দোকানের মালিক আমেনা বেগম জানান, আদালতের নিরাপত্তার কথা বলে এলাকার সব দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। তিনি সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের খালি জায়গায় মৃিশল্প ব্যবসায়ীদের দোকান করার সুযোগ দেওয়ার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।বিশেষ আদালত চত্বর ঘুরে দেখা যায়, পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আশপাশের সীমানাপ্রাচীর উঁচু করার কাজ চলছে। কোথাও কোথাও কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। আদালত ভবনের বাইরের অংশে রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। রাস্তাগুলো সংস্কারের কাজ চলছে।