যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুর ১২টায় কলা অনুষদ চত্বর থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মৌন মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে একই দাবিতে ভাস্কর্য চত্বরে মানববন্ধন করেন তাঁরা। সবশেষে এক সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী বকুল মুন্সী, শোয়েবুর রহমান, প্রিন্স মাহমুদ, রফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ জন্য সবাইকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থেকে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে সরকারের কাছে দাবি জানান।