যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধাদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।’ বাঙালির চিরচেনা স্লোগান। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। এই হাতিয়ার চেতনার, এই হাতিয়ার ঐক্যের। এই হাতিয়ার পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোষর, যুদ্ধাপরাধীদের বিচারের হাতিয়ার।গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের হাতিয়ার আবারও গর্জে ওঠার ডাক দেন। কালরাতের প্রাক্কালে সেখানে তাঁরা মুষ্টিবদ্ধ হাতে শপথ নিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। সাংগ্রাম চালিয়ে যাবেন শেষ দিন পর্যন্ত।দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সেখান থেকে বিকেল চারটায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল দোয়েল চত্বর, হাইকোর্ট, মত্স্য ভবন হয়ে শিখা চিরন্তনে এসে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধারা শিখা চিরন্তনিকে মাঝখানে রেখে চারপাশে বৃত্তাকার লাইনে দাঁড়িয়ে শপথ নেন। শপথবাক্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক হেলাল মোর্শেদ খান।শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার বিপক্ষ শক্তি গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ করেন। মুক্তিযোদ্ধাদের মিছিলে স্লোগান ভেসে আসে, ‘আর কোনো দাবি নাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই। প্রাণের দাবি একটাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই।’সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ের পুরাতন বিমনাবন্দরে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধান শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারও উপস্থিত ছিলেন।প্রজন্ম ’৭১: স্বজনদের হত্যাকারীরা বিচারের মুখোমুখি হলে শহীদ-পরিবারের চিরস্থায়ী বেদনার যন্ত্রণাবোধ লাঘব হবে। যুদ্ধাপরাধীদের বিচারের অসমাপ্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে প্রজন্ম ’৭১ সব ধরনের সহযোগিতা করবে। মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি, রূপ বদলেছে। যে চেতনায় যুদ্ধ হয়েছে, তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ যুদ্ধ জারি থাকবে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু এবং এর সঙ্গে সম্পৃক্তদের সতর্কতা অবলম্বন বিষয়ে সংবাদ সম্মেলনে শহীদসন্তানেরা এ মত জানান।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রজন্ম ’৭১ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।শহীদ সিরাজুদ্দিন হোসেনের ছেলে ও আয়োজক সংগঠনের সভাপতি শাহীন রেজা নূর লিখিত বক্তব্যের মাধ্যমে সরকার, বিশ্বনেতারা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন। বিচার-প্রক্রিয়াকে প্রভাবিত বা প্রশ্নবিদ্ধ করে, এমন কোনো উক্তি বা মন্তব্য না করতে অনুরোধ জানানো হয়। কোনো কারণ দেখিয়ে যেন বিচার প্রলম্বিত হওয়ার আবহ সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে সংবাদ সম্মেলন থেকে সবার প্রতি আহ্বানও জানানো হয়।শহীদ শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, গুরুদায়িত্ব পালনে যতটা সততা ও নির্মোহ থাকা প্রয়োজন, তা তাঁরা নিশ্চয়ই মানবেন। এই বিচারের দাবি কেবল শহীদ-পরিবারের নয়; মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রত্যেক মানুষের।কোনো রাষ্ট্র যেন মানবতার বিরুদ্ধে অপরাধীদের আশ্রয় না দেয় এবং বিচার-প্রক্রিয়া আরম্ভ হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের যেন বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করেন মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর।বিভিন্ন সংগঠনের কর্মসূচি: সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশেন কর্মচারী লীগ যুদ্ধাপরাধের বিচারের দাবিতে এদিন রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করে।