‘যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হয়েছে, ভাস্কর্য ভাঙচুরকারীদেরও সেভাবে বিচার করতে হবে’
বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করেছে। স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছে, ভাস্কর্য ভাঙচুরকারীদেরও সেভাবে বিচার করতে হবে।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে রাজধানী ঢাকার খোলাইপাড় এলাকার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব আওলাদ হোসেন বলেন, ভাস্কর্য কোনো বিষয় না, ধর্ম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে রাজনীতি। ওরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, একাত্তরের পরাজিত শক্তি তারা। বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেননি, মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি। তাই বিরোধিতা করছে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের। তিনি আরও বলেন, ধোলাইপাড় চৌরাস্তায় অবশ্যই বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করা হবে এবং তা বাস্তবায়নে এলাকাবাসী সহযোগিতা করবে। প্রয়োজনে এলাকাবাসী ২৪ ঘণ্টা পাহারা দেবে।
মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে বলা হয়, দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিম, আহসান উল্লাহ, সদস্য শাহরিয়ার আবিরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।