যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়া হয়েছে: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, রিমান্ডে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যে এটা পরিষ্কার, এতদিন যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার না করে তাদের নানা ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে দাবি দিবস উপলক্ষে সিপিবি ঢাকা কমিটির উদ্যোগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার এবং ১৯৭২ সালের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। এ ছাড়া বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধানসহ দ্রব্যমূল্য হ্রাস, শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণ এবং গণতান্ত্রিক ও ট্রেড ইউনিয়নের অধিকার অবাধ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জলি তালুকদার।সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, অসংখ্য গোপন ও প্রকাশ্য সহযোগী সংগঠন নিয়ে জামায়াত দেশজুড়ে ষড়যন্ত্রের জাল বিস্তারসহ নানা অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছে।সভায় আরও বক্তব্য দেন, ক্ষেতমজুর সমিতির সভাপতি শাসসুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, রুহুল আমিন, আইনুন নাহার প্রমুখ। পরে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে।