যুদ্ধাপরাধের বিচার হওয়া নিয়ে জঙ্গিবাদবিরোধী মঞ্চের সংশয়
যুদ্ধাপরাধীদের বিচার হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের কয়েকজন নেতা।গতকাল শনিবার সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদবিরোধী আন্দোলনের প্রয়োজনীয়তা: নাগরিক সমাজের কর্তব্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন বক্তা এই সরকারের আমলে যুদ্ধাপরাধের বিচার অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। সভায় আয়োজকেরা জানান, তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিসংবলিত এক লাখ পোস্টকার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পৌঁছে দেবেন।সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য-সচিব ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ বলেন, ‘মহামান্য হাইকোর্ট জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোধে দিকনির্দেশনা দিয়েছেন। সংবিধানের পঞ্চম, সপ্তম ও অষ্টম সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা বলেছেন, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম কথাটি থাকবে, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামও থাকবে। তার মানে কি গণতান্ত্রিক পন্থায় মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলোকে রাজনীতি করার অধিকার দেওয়ার চেষ্টা চলছে?’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক রঙ্গলাল সেন সাম্প্রদায়িকতা রোধে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে পাকিস্তান আমলের চেয়েও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে ব্যাপকভাবে।মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ২১টি সংগঠনের মোর্চা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখতে গোলাম আযম ও সালাউদ্দিন কাদেরের মতো চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া যুদ্ধাপরাধের বিচার এবং সাম্প্রদায়িকতা বন্ধে সরকারের যে উদ্যোগ, তা অনেকেরই মনঃপূত হচ্ছে না বলে মন্তব্য করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংস্থার রোকেয়া কবীর, বিশপ দিলীপ দত্ত, ইতিহাসবিদ সালাউদ্দীন আহমেদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, খেলাঘরের সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী প্রমুখ।