যুদ্ধাপরাধের বিচারে নতুন প্রজন্মকে সজাগ থাকার আহ্বান
নিজের যৌবন ও জীবন উৎসর্গ করার প্রত্যয় নিয়েই একাত্তরে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা। তখন বেশির ভাগ যোদ্ধাই বয়সে ছিলেন নবীন। একাত্তরের সেই বীরদের এখন অনেকেই বয়সের ভারে ভারাক্রান্ত। তবে পরিণত বয়সে যদি প্রয়োজন হয়, দেশের জন্য অস্ত্র তুলে নিতে দ্বিধা করবেন না তাঁরা। এই প্রত্যয় ব্যক্ত করে মুক্তিযোদ্ধারা বললেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে স্বাধীনতাবিরোধী শক্তি উঠে পড়ে লেগেছে। এদের রুখতে এই লড়াইয়ে নতুন প্রজন্মেরও সহযোগিতা দরকার।গতকাল রোববার সকালে বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগরে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এই আহ্বান জানান একাত্তরের বীর সেনানীরা। রাজধানীর ওসমানী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন।মহানগরে বসবাসরত তিন হাজার মুক্তিযোদ্ধা এই অনুষ্ঠানে অংশ নেন। অনেকেই আসেন পরিবার-পরিজন নিয়ে। গতকালের আয়োজনের মধ্যে ছিল যুদ্ধদিনের স্মৃতিচারণা, মুক্তিযুদ্ধের গান ও কবিতা। নয় মাসের যুদ্ধে যেসব গান ও কবিতা আলোড়িত করত মুক্তিযোদ্ধাদের, সেসব শোনাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা অংশ নেন এই অনুষ্ঠানে। বক্তব্য, গান বা কবিতার মধ্যে সমবেত যোদ্ধারা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল। স্লোগানে বারবার উচ্চারিত হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। দাবি ওঠে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বাড়ানোর।আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীও মুক্তিযোদ্ধাদের সম্মানী ন্যূনতম পাঁচ হাজার টাকা করার দাবি করেন। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভ্রান্তি এড়াতে তিনি ১৯৯৭ সালে যে তালিকা তৈরি হয়েছিল, তাকে ধরে নতুন তালিকা তৈরির আহ্বান জানান।আলোচকদের প্রায় সবারই কথায় ফিরে আসে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ।এ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। তবে যত ষড়যন্ত্রই চলুক, এদের বিচার হবেই। তিনি বলেন, ‘সাপের লেজে পা দিয়েছি। যদি সাপকে বধ করতে না পারি, তবে এর বিষে মরতে হবে।’ তিনি বিচার সফল করতে মুক্তিযোদ্ধাদের ঐক্য কামনা করেন।সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম যুদ্ধাপরাধীদের ঠেকাতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা তৎপর, তাদেরও বিচার চান। এদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মরণ সমুদ্রের বেলাভূমিতে এসেও অস্ত্র ধরতে দ্বিধা করব না।’মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) জাফর ইমাম বললেন, এখন দেশের ৩০ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করে স্বাধীনতাবিরোধীরা।যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের বেশির ভাগ নিম্নবিত্ত পরিবারের সন্তান। বেশির ভাগের অবস্থার পরিবর্তন হয়নি আজও। তাই আর্থিকভাবে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় যাঁরা সুবিধাজনক অবস্থায় আছেন, তাঁদের প্রতি আহ্বান জানান ইয়াকুব আলী।গতকালের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম, উত্তরের প্রশাসক মাহমুদ রেজা খান প্রমুখ।