যুদ্ধাপরাধের বিচারের দাবিতে জল্লাদখানায় পথনাটক
গণসমাবেশ ও পথনাটকের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। গতকাল শনিবার বিকেলে মিরপুরের জল্লাদখানায় (মিরপুর বধ্যভূমি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যকার মান্নান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তারা ১৯৭১ সালে মিরপুরের জল্লাদখানায় বাংলাদেশের স্বাধীনতাকামী নিরীহ মানুষকে কীভাবে হত্যা করা হয়েছিল, তার বর্ণনা দেন। তাঁরা বলেন, যারা একাত্তরে হত্যা, ধর্ষণ, খুন ও অগ্নিসংযোগ করেছে, স্বাধীন দেশে তাঁরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, তা হতে পারে না। ৭০ বছর আগে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার এখনো হচ্ছে। সুতরাং ৪০ বছর আগে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচারের দাবি অসংগত কোনো বিষয় নয়। অনুষ্ঠানে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, রাজাকারদের সামাজিকভাবে একঘরে করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের বিয়ের সম্পর্ক করা যাবে না। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা মিরপুরে এমনই হত্যাযজ্ঞ চালিয়েছিল যে এখনো মিরপুরে পা রাখতে হয় সতর্কভাবে। কারণ, এখানকার মাটি খুঁড়লেই শহীদদের অস্থির সন্ধান পাওয়া যায়।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য আক্কু চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরামের প্রচার সম্পাদক ম. হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, নাট্যশিল্পী শহিদুজ্জামান সাচ্চু, মিজানুর রহমান প্রমুখ। গণসমাবেশে আলোচনা শেষে উন্মুক্ত মঞ্চে আরণ্যক, দেশবাংলা, সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার ও সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের আয়োজনে পথনাটক অনুষ্ঠিত হয়।