যুদ্ধাপরাধের বিচারের রায়ের সারমর্ম প্রকাশের কথা বললেন আনিসুজ্জামান
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের পর সারা বিশ্ব জানছে, বাংলাদেশে গণহত্যার সহযোগীদের বিচার হচ্ছে। এই ট্রাইব্যুনাল যে রায় দিচ্ছেন তা সহজ ভাষায়, সারমর্ম করে প্রকাশ ও প্রচার করা হলে দেশের মানুষ তাদের অপরাধ সম্পর্কে আরও জানতে পারবে।
গতকাল শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘জেনোসাইড অ্যান্ড জাস্টিস’ শীর্ষক মাসব্যাপী সার্টিফিকেট কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘জেনোসাইড অ্যান্ড জাস্টিস’ তৃতীয় সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা ২৫ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, গর্বিত হতে হবে। মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত গণহত্যা সম্পর্কে জানতে হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি সম্পর্কে সচেতন হতে হবে।
আনিসুজ্জামান আরও বলেন, ‘বিভ্রান্তির পরিচয় পাই মুক্তিযুদ্ধের প্রতিটি পর্ব নিয়ে। “জয় বাংলা” স্লোগানকে আজ মুক্তিযুদ্ধ থেকে বিচ্ছিন্ন করার যে অপপ্রয়াস, এর নিন্দা করতে হবে।’
গতকালের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের দুই সদস্য মফিদুল হক ও রবিউল হুসাইন, আইনজীবী তুরিন আফরোজ।