যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর তুরাগ এলাকার একটি বাসা থেকে গত শনিবার সন্ধ্যায় জাকির হোসেন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যঙ্গ-বিদ্রূপ সহ্য করতে না পেরে জাকির আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তুরাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উলুদাহ এলাকার একটি টিনশেডের বাড়িতে মা শাহনাজকে নিয়ে থাকতেন জাকির। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে জাকির বাইরে থেকে বাসায় ফেরেন। শাহনাজ তাঁকে ভাত খেতে দিয়ে কিছুক্ষণের জন্য বাসার বাইরে যান। ফিরে এসে জাকিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।এসআই কামাল আরও বলেন, জাকির সহজ-সরল প্রকৃতির ছিল। তাঁর সহজ-সরল আচরণ নিয়ে এলাকার ছেলেরা ব্যঙ্গ-বিদ্রূপ করত। তাঁকে নিয়ে হাসি-তামাশা করত। ধারণা করা হচ্ছে, এতে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।সূত্র জানায়, বাবা তৈয়ব আলী মারা যাওয়ার পর জাকির সাংসারিক কাজকর্ম করতেন।