যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের বাসা থেকে গতকাল শনিবার সকালে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মৃত সাইফুলের পরিবার জানায়, গত ২ ডিসেম্বর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে একটি দোকানের কিছু পণ্য চুরি হয়। ২০ ডিসেম্বর স্থানীয় কয়েকজন মুরুব্বি সালিসি বৈঠকে সাইফুলসহ দুজনকে চোর সাব্যস্ত করেন। তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার ছিল এ টাকা দেওয়ার শেষ সময়। পরিবারের লোকজন দাবি করেছেন, একদিকে চুরির অপবাদ, অন্যদিকে জরিমানার টাকা শোধে ব্যর্থতার কারণে গতকাল ভোরের দিকে সাইফুল ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে ফাঁসি নেন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুপুর ১২টার দিকে তিনি মারা যান। মামা মো. হারুন বলেন, সাইফুল একটি দর্জির দোকানে চাকরি করতেন। শুক্রবার রাতে তিনি মা শেফালি বেগমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলেন, তিনি চুরি করেননি।এ ব্যাপারে চেষ্টা করেও সালিসি বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক জিয়ারত হোসেন বলেন, চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশকে অবহিত না করে সালিসি বৈঠক করা বেআইনি। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকের মৃত্যু: এদিকে গতকাল শেরেবাংলানগর থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সেলিম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দুইটার দিকে আগারগাঁওয়ে দশতলা একটি নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করার সময় পড়ে যান রাজমিস্ত্রী সেলিম। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।