যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার স্ত্রীর দাবি খুন
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গতকাল সোমবার সকালে মো. সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের ভাই, দুই বোন ও ভাগ্নেকে আসামি করে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার সকালে কামরাঙ্গীরচরের হাসানবাগ, সিলেটিবাজার থেকে সিদ্দিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্দিকের স্ত্রী হাসি বেগমের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিহতের ভাই ও বোনেরা তাঁকে খুন করেছে। এ বিষয়ে হাসি বেগম নিহতের ভাই মো. আমিন, বোন ফরিদা, শাহিদা ও ভাগ্নে ফয়সালকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।নিহতের স্ত্রীর পক্ষের স্বজনেরা জানান, চার মাস ধরে কামরাঙ্গীরচরে এক কাঠা জমি নিয়ে সিদ্দিক ও আমিন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার বিকেলে এ বিষয়ে তাঁদের পারিবারিক সভা বসে। তাঁদের দুই বোন ও ভাগ্নেও ওই সভায় ছিলেন। সেখানেই তাঁরা সিদ্দিককে ধরে এক দফা মারধর করেন। এতে সিদ্দিক অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরে আসে। তখন তিনি স্ত্রী হাসি বেগম ও সন্তানকে নিয়ে পাশেই মাদবর বাজারে শ্বশুরবাড়িতে রেখে আবার বাড়িতে আসেন। রাতে তাঁদের পারিবারিক আলোচনায় আবারও হট্টগোল, চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। সকালে সিদ্দিকের পরিবার থেকে হাসি বেগমকে জানানো হয়, সিদ্দিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।মর্গ সূত্র জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।