যুবকের বস্তাবন্দী ও নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থেকে এক যুবক ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, যাত্রাবাড়ীর গোলাপবাগে ম্যানহোল থেকে গতকাল সোমবার বস্তাবন্দী যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে কবিতা বিশ্বাস (২৮) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, গোলাপবাগের ২৭/ডি নম্বর বাসার সামনের ম্যানহোল থেকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশ জানায়, লাশটি একটি পলিথিনে পেঁচিয়ে বস্তায় ভরে ম্যানহোলে ফেলা হয়। তার পরনে কিছুই ছিল না। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ঘাতকেরা লাশটি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। তাঁকে কয়েক দিন আগে হত্যা করা হয়েছে বলে পুলিশ অনুমান করছে।স্থানীয় ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, গতকাল বিকেলে ওই রাস্তার পাশেই স্থানীয় শিশুরা ক্রিকেট খেলছিল। এ সময় তাদের বলটি ম্যানহোলে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে তারা ওই বস্তাটি দেখতে পায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ জানায়, নিহত যুবককে স্থানীয় ব্যক্তিরা কেউই শনাক্ত করতে পারেননি। তাতে মনে হয়, তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন না। তাঁকে অন্য এলাকায় হত্যা করে এখানে লাশটি ফেলা হয়ে থাকতে পারে।এদিকে, গুলশান থানার পুলিশ জানায়, গতকাল নর্দ্দার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কবিতা বিশ্বাস নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশ জানায়, পাঁচ-ছয় বছর আগে কবিতার স্বামীর মৃত্যু হয়। তখন থেকেই তিনি মানসিক বিষণ্নতাজনিত রোগে আক্রান্ত হন। তিনি বাসাতেই থাকতেন। বাইরে তেমন বের হতেন না। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশকে জানিয়েছেন পরিবারের সদস্যরা।