যুবকের মারধরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী এলাকায় নাসফিয়া আপন পিংকী (১৪) নামের নবম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় নাসফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্র জানায়, নাসফিয়া শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ত। তার বাবার নাম নজরুল ইসলাম আকন্দ। গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার বিরামকান্দিতে। চাচা আলী আশরাফ আকন্দ শ্যামলী রোডের ১৫২/ক/সি নম্বর বাড়ির দোতলার বাসায় ভাড়া থাকেন। ওই বাসায় থেকে নাসফিয়া পড়ালেখা করত।নাসফিয়ার ছোট চাচা শহীদুল ইসলাম আকন্দ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, ওই বাড়ির তত্ত্বাবধায়কের ভাতিজা মুরাদ নামের এক যুবক প্রায় সময় নাসফিয়াকে স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার দুপুরে ওই যুবক তাকে মারধর করে। এর পরেই নাসফিয়া তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। বেলা সাড়ে তিনটার দিকে দরজা ভেঙে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। নাসফিয়া চার বোনের মধ্যে সবার বড়।হাসপাতাল সূত্র জানায়, নাসফিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন জানান, নাসফিয়া ওই বাসায় তার চাচা ও ফুপাতো ভাই-বোনের সঙ্গে খেলছিল। খেলার সময় তার হাত কেটে গেলে সে নিচে নেমে ওষুধের দোকানে যাচ্ছিল। বাড়ির গেটে মুরাদ নামের ওই যুবক তার হাত টেনে ধরেন। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মুরাদ মেয়েটির গালে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে সে আত্মহত্যা করে। মৃত্যুর আগে নাসফিয়া তার মৃত্যুর কারণ হিসেবে এ কথা লিখে যায়। চিরকুটটি পুলিশ জব্দ করেছে।