যুবদলের নেতা খুনের প্রতিবাদে পুরান ঢাকায় ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড কাউন্সিলর ও যুবদলের নেতা আহাম্মদ হোসেন হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অর্ধ দিবস ধর্মঘট পালিত হয়েছে। এসব এলাকায় দোকানপাট বন্ধ ছিল। এদিকে তিন দিন পরও পুলিশ এ হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের বলেন, আহাম্মদ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) সভাপতি আহাম্মদ হত্যার প্রতিবাদে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দল গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডে ধর্মঘটের ডাক দিয়েছিল। এ সময়কালে ওয়ার্ডের আলুবাজার, সিদ্দিকবাজার, নবাবপুর রোড, বংশাল, সুরিটোলা ও সৈয়দ নজরুল ইসলাম সরণির দোকানপাট বন্ধ ছিল।গতকাল বিকেলে আহাম্মদের হাজী ওসমান গনি রোডের (আলুবাজার) বাসায় গিয়ে দেখা যায়, তখনো শোকের মাতম। নিহত কমিশনারের স্ত্রী নসোবা বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে মোবাইল ফোনে তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছিল।আহাম্মদের কাউন্সিলর পদে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে পরিবারের অন্য সদস্যদের মতো স্ত্রী নসোবাও বলেন, ‘জনপ্রিয়তার কারণে তাঁর বিজয় অনেকটা নিশ্চিত ছিল। তিনি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য রাজনৈতিক প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ধর্মঘট চলাকালে সকাল সোয়া ১০টার দিকে যুবদলের নেতা-কর্মীরা সৈয়দ নজরুল ইসলাম সরণিতে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা কালো ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। আহাম্মদ হোসেন পরিচালিত ওসমান গনি রোডের ঢাকা টাওয়ার মার্কেট আরও এক দিন বন্ধ থাকবে।