যুবলীগ চেয়ারম্যানের ফোন নম্বর ‘ক্লোন’ করে প্রতারণা, গ্রেপ্তার দুজন রিমান্ডে
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার ফিরোজ খন্দকার (২৮) ও রাকিবুলের (২২) তিন দিনের রিমান্ড মঞ্জুর। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের উপকমিশনার (ডিসি) আ ফ ম আল কিবরিয়া।
যুবলীগের চেয়ারম্যানের মুঠোফোন ‘ক্লোন’ করে প্রতারণার অভিযোগে ১৫ অক্টোবর রাজধানীর বনানী থানায় একটি মামলা করেন তাঁর আইনজীবী রানা তাজউদ্দিন খান। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। মামলায় বলা হয়, দুষ্কৃতকারীরা যুবলীগ চেয়ারম্যানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেনস্তার উদ্দেশ্যে তাঁর মুঠোফোন ক্লোন করে পরিচয় গোপন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিসি আ ফ ম আল কিবরিয়া বলেন, মামলার তদন্ত করে সোমবার রাজধানী থেকে ফিরোজ খন্দকার ও রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে যুবলীগ চেয়ারম্যানের মুঠোফোন ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করেন সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্রের সদস্যরা। ইতিমধ্যে তাঁরা বিকাশ ও রকেটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছেন। এই চক্রের প্রধান ফিরোজকে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।