যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
ঢাকার দোহার থানার স্থানীয় যুবলীগের নেতা মো. জামাল হত্যা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন পল্লব ব্যাপারি, আমির হোসেন, শিপলু ও আরিফুল হাসান ওরফে পোয়া। যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন কামাল হোসেন ও আনোয়ার হোসেন। এ মামলায় অপর পাঁচ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। তাঁরা হলেন শাহাদত হোসেন, কবির হোসেন, হানিফ, সজীব ও রনি।পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ১৭ জুলাই দোহারের কাচারীঘাট বাজারে আসামিরা মুজিবুরের স মিলের সামনে পিস্তল, চাপাতি ও চাকু দিয়ে জামালের ওপর হামলা করে। পরে মুুজিবুর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জামালের বাবা ফালু মুন্সি দোহার থানায় মামলা করেন। দোহার থানার পুলিশ তদন্ত শেষে ওই বছরেরই ১৫ অক্টোবর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় ঘোষণা করেন।