যুবলীগের অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের অন্তর্দ্বন্দ্বের জেরে ওই ওয়ার্ডের যুবলীগের কর্মী রিজভী হাসান ওরফে বাবুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা যুবলীগের কর্মী তাহযীব আহমেদ ওরফে সাবাব আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

গত ১৬ সেপ্টেম্বর রাতে মতিঝিল এজিবি কলোনির ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্লাবের সামনে কয়েকজন দুর্বৃত্ত যুবলীগের কর্মী রিজভী হাসানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। তখন আহসানুল হক ইমন নামের আরেক যুবক আহত হন। পরে রিজভী হাসপাতালে মারা যান।

মতিঝিল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, নিহত রিজভী হাসানের বাবা তাঁর প্রতিপক্ষের সন্দেহভাজন ছয়জনের নাম মামলায় উল্লেখ করলেও তদন্তে বেরিয়ে এসেছে ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের অন্তর্দ্বন্দ্বের জের ধরে রিজভী হাসানকে খুন করা হয়েছে। এ ঘটনায় ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী তাহযীবকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে তিনি হত্যার কথা স্বীকার করে বলেন, রিজভী হাসান ওই ওয়ার্ডের যুবলীগের সভাপতি মারুফ রেজার অনুসারী ছিলেন। মারুফ রেজার নির্দেশেই তিনি, ওয়ার্ড যুবলীগের নেতা নাসিরউদ্দিন, আশিক আহমেদ ওরফে অন্তু, তাপস পূর্ব পরিকল্পিতভাবে রিজভী হাসানকে গুলি করে হত্যা করেছেন। পরে তাহযীব আদালতে একই কথা বলেছে। তদন্তেও এর সত্যতা মিলেছে।

ওসি বলেন, তাহযীবের তথ্যের ভিত্তিতে পরে মারুফ রেজা, আশিক, তাপস ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে তাঁরা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু তাহের ভূঁইয়া বলেন, বাদী যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক ওরফে হীরক, ঢাকা মহানগর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে মিলন, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী আহসানুল হক সানী ও করিম মৌলভী রাজা এবং যুবলীগে কর্মী হারুন অর রশীদ ওরফে আলম এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা আমিনুল ইসলাম সন্দেহের তালিকায় আছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।

রিজভী হাসানের বাবা ও মামলার বাদী আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমি নই, পুলিশ মামলায় আসামিদের নাম দিয়েছিল।’