যুবাদের উন্নয়নে প্রয়োজন যুবনীতির বাস্তবায়ন
দেশের যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে দিনকে দিন। যুবদের মধ্যে যে নৈতিক অবক্ষয় ঘটেছে, তা করোনাকালে প্রতীয়মান হয়েছে। এর জন্য যুবকদের নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চেতনার বিকাশ ঘটাতে হবে। করতে হবে জাতীয় যুবনীতির পূর্ণ বাস্তবায়ন।
আজ শনিবার ‘জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়ন: বিভিন্ন যুবকদের উদ্বেগের সম্বোধন’ শীর্ষক ওয়েবিনারে সংলাপে এসব কথা বলেন নীতিনির্ধারকসহ আলোচকেরা। একশনএইড বাংলাদেশ এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই ভার্চ্যুয়াল ওয়েবিনারের আয়োজন করে।
আলোচকেরা বলেছেন, জাতীয় যুবনীতির আলোকে যুব কাউন্সিল করার কথা থাকলেও তা এখনো হয়নি। এদিকে গ্রাম ও শহরে যুবদের মধ্যে লেখাপড়া ও চাকরির ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। সরকারের চেষ্টা অব্যাহত থাকলেও বৈষম্য কমেনি। তাই স্থানীয় পর্যায় থেকে যুব নেতৃত্ব তুলে আনতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
আলোচনায় সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের গ্রাম ও শহরের যুবদের মধ্যে বিশাল বৈষম্য রয়ে গেছে। লেখাপড়া শেষে তাঁদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও এ বৈষম্য আছে। সরকারের চেষ্টা অব্যাহত থাকলেও বৈষম্য কমেনি।’ তিনি বলেন, যুবসমাজের নৈতিক অবক্ষয়ের বিষয়টি করোনার কারণে সামনে চলে এসেছে। যুবকদের নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চেতনার বিকাশ ঘটাতে হবে।
আরেক সাংসদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, যুবদের নৈতিক অবক্ষয় দূর করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সবাইকে দায়িত্ব নিতে হবে। যুবকদের কীভাবে সাহায্য করা যায়, সেটা সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
সাংসদ শিরিন আক্তার বলেন, ‘দেশে শিক্ষার্থীদের চেয়ে পরীক্ষার্থীতে ভরে গেছে।
আমাদের যুবসমাজকে নীতি ও আদর্শবোধের ওপর জোর দিতে হবে। দেশে যেসব নীতি ও আদর্শ বিদ্যমান রয়েছে, তা কীভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে। জাতীয় যুব কাউন্সিল বাস্তবায়নে মনিটরিংয়ের ওপর বিশেষ করে জোর দিতে হবে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাকিয়া তাবাসসুম বলেন, সরকার চায় যুবরা এগিয়ে আসুক। সরকার চাইলেই তো হবে না, যুবদেরও এগিয়ে আসতে হবে। যুব উন্নয়নের সব খাতের বিষয়ে সরকারের নজর রয়েছে।
সাংসদ আরমা দত্ত বলেন, যুবকদের নিয়ে দেশে যারা কাজ করে, তাদের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা জরুরি। যুবনীতি বিশ্লেষণ করে এর সম্ভাব্য চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে তুলে ধরতে সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান বলেন, জাতীয় যুব কাউন্সিল অনেক আগেই করার কথা ছিল। মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে যুব কাউন্সিল বিষয়ে আলোচনা করবে। তিনি বলেন, তবে যুব নেতৃত্বকে উপজেলা থেকে কেন্দ্রে নিয়ে আসার জন্য স্থানীয় সাংসদের সহযোগিতার প্রয়োজন। যুবদের নিয়ে কাজ করে এমন ২২ হাজার সংগঠনকে নিয়ে একটি প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা চলছে।
ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান। সঞ্চালনা করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী।