যে ফুটপাত পথচারীর নয়

ফুটপাতের ওপরে সিএনজিচালিত অটোরিকশার রঙের কাজ চলছে। পাশে চলছে লেপ-তোশক বানানো। তার সামনে টিম্বার মিলের কাঠের গুঁড়ি রাখা। আছে লোহালক্কড়, আসবাবের দোকানের বিভিন্ন সামগ্রী। নেই শুধু পথচারীদের হাঁটার জায়গা।
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে গত বছর মিরপুরের কালশী সড়কটি নতুন করে সংস্কার করা হয়। সড়ক প্রশস্ত করার পাশাপাশি দুই পাশেই ফুটপাতও নির্মাণ করা হয়। কিন্তু বছর না ঘুরতেই সেই ফুটপাত বেদখল হয়ে গেছে। পথচারীদের ব্যবহারের ফুটপাতে গড়ে উঠেছে অবৈধ দোকান।
গতকাল মঙ্গলবার দেখা যায়, কালশী নতুন সড়কের প্রবেশমুখে মিরপুর ১১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে গড়ে উঠেছে চা-শিঙারা বিক্রি ও ফলের দোকান। তারপরেই আছে স্যানিটারি সামগ্রী।
জায়েদ টিম্বার নামের একটি দোকানের সামনে ফুটপাত দখল করে স্তূপ করে রাখা হয়েছে বড় বড় কাঠের গুঁড়ি। জায়েদ টিম্বারের মালিক মো. জায়েদ প্রথমে ফুটপাতে কাঠের গুঁড়ি রাখা হয়নি বলে দাবি করেন। পরে অবশ্য বলেন, ‘কিছু গুঁড়ি আছে। এগুলো থাকবে না। পার্টির মাল, কাটাইতে আনছে। আজকে মেশিন নষ্ট, তাই এখানে রাখা হইছে। কাটা শেষ হলেই সরে যাবে।’
কালশী সড়কের পাশেই সাংবাদিক আবাসিক এলাকা। আবাসিক এলাকার বাসিন্দাদের কালশী সড়ক ব্যবহার করতে হয়। এভাবে ফুটপাত দখল হয়ে থাকায় লোকজন ব্যস্ত সড়ক দিয়ে হাঁটছেন। সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল হুদা বলেন, ফুটপাত দখল হওয়ায় পথচারীদের সমস্যা পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ফুটপাতগুলো দখলমুক্ত করলে এলাকার লোকজন উপকৃত হতো।
কেরোসিন কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হয় শান্ত ফার্নিচারে। বিক্রির জন্য কেরোসিন কাঠের তৈরি চৌকি, আলনাসহ বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে ফুটপাতে। ফুটপাতে এভাবে সামগ্রী রাখার কারণ জানতে চাইলে দোকানের কর্মচারী বললেন, ‘সবাই রাখছে, তাই আমরাও রাখছি।’
এই সড়কে আছে অনেকগুলো গাড়ি মেরামতের দোকান। গতকাল দেখা যায়, এসব দোকানে মেরামতের জন্য আসা গাড়িগুলো ফুটপাতের ওপরে রেখে মেরামত করা হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশায় রঙের কাজ করা হচ্ছে ফুটপাতের ওপরে। লোকজন ফুটপাত ছেড়ে নাক চেপে রাস্তা দিয়ে হাঁটছেন।
স্থানীয় বাসিন্দা আবদুর রব বলেন, ‘ফুটপাতসহ রাস্তা হওয়ায় আরামে চলা যাবে ভাবছিলাম। এখন দেখি হাঁটার জায়গাটুকুও খালি নাই। পুরোটাই ব্যবসায়ীরা দখল করে নিছে। বাধ্য হয়ে রাস্তায় নামছি।’
সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. নায়েব আলী প্রথম আলোকে বলেন, সড়কের দুই পাশের দোকানগুলোর দরজার সঙ্গে ফুটপাত। এক দিন উচ্ছেদ করলে পরের দিনই আবার দখল হয়ে যায়।