গুদামের আবর্জনা আর ভেঙে ফেলা ভবনের অংশ রাখা হয়েছে মাঠে। কোরবানির ঈদের সময় পশু রাখার কাজেও ব্যবহার হয় মাঠটি। এলাকাবাসী বলছেন, যে যার মতো ব্যবহার করছে লালবাগের ক্রীড়া ভবন মাঠ।
লালবাগের রাজনারায়ণ ধর রোডে ক্রীড়া ভবন খেলার মাঠ অবস্থিত। মাঠের সীমানায় শরীরচর্চা আর খেলাধুলার জন্য একটি দোতলা ক্রীড়া ভবন রয়েছে। তাই এলাকাবাসীর মুখে মুখে মাঠের নামও হয়ে যায় ক্রীড়া ভবন মাঠ। তবে মূল ফটকে কোথাও মাঠের নাম লেখা নেই। ক্রীড়া ভবনেরও কোনো কার্যক্রম নেই এখন।
গত সোমবার সেখানে গিয়ে দেখা যায়, মাঠের ফটকে একটি পুরোনো ব্যানারে লেখা ‘কোরবানির পশু রাখার জন্য মাঠে বন্দোবস্ত করা হয়েছে’। ফটক পেরোতেই চোখে পড়ে, ডানে পুরোনো পলিথিনে ভর্তি ৩০টির বেশি বস্তা। পাশে কংক্রিটের বড় বড় খণ্ড। এলাকার বাসিন্দা হালিম (৫৮) বললেন, পাশের গুদামগুলোর ফেলনা জিনিস বস্তায় করে মাঠে এনে রাখা হয়। সেগুলোই জমতে জমতে এখন স্তূপ হয়ে গেছে। আর মাঠের উল্টো পাশের একটি ভবন ভাঙার পর কংক্রিটের খণ্ডগুলো এখানে রাখা হয়েছে। তিনি বললেন, ‘সরকারি মাঠ; যে যার মতো ব্যবহার করে।’ পুরো মাঠের সীমানাদেয়াল ঘেঁষে ময়লার স্তূপ। অসমতল মাঠটিতে কোনো ঘাস নেই। ক্রীড়া ভবনসংলগ্ন গ্যালারিটিও নোংরা ও জায়গায় জায়গায় ভাঙা। মাঠে খেলতে আসা সোহেল বললেন, মাঠে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। মূল সড়ক থেকে নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়।