যেকোনো অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’র প্রথা বৈষম্যমূলক: সাংসদ শহীদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ শহীদুজ্জামান সরকার
ফাইল ছবি

অনুষ্ঠানে একজনকে প্রধান অতিথি করার যে প্রথা বা নিয়ম, তাকে বৈষম্যমূলক বলে উল্লেখ করে এ প্রথা বাতিলের কথা বললেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। তিনি বলেন, ‘অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে, এটাই তো বড় একটা বৈষম্য। এ থেকেও বের হয়ে আসতে হবে।’

আজ রোববার মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনটির উল্লেখযোগ্য অংশগুলো নিয়ে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৫ এপ্রিল আইনের খসড়াটি সংসদে তোলার পর বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আজকের ওয়েবিনার থেকে আসা সুপারিশগুলোকে অত্যন্ত খোলামনে বিচার–বিশ্লেষণ করার জন্য প্রস্তুত আছেন উল্লেখ করে শহীদুজ্জামান সরকার বলেন, আইনটিকে একটি কার্যকর অস্ত্র হিসেবে প্রণয়ন করতে হবে। এতে কোনো ত্রুটি থাকলে চলবে না। তবে আইন প্রণয়নে সংসদীয় কমিটির সভাপতিই শেষ কথা বলার ব্যক্তি নন বলেও মন্তব্য করেন তিনি। তবে আইনের খসড়াটি সংসদে যেভাবে উত্থাপিত হয়েছে, তাকে আরও ঢেলে সাজাতে হবে এবং আইনটিকে জনবান্ধব আইনে পরিণত করতে কমিটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

ওয়েবিনারে নাগরিক সমাজের পক্ষ থেকে আইনটির খসড়া, আইন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রণীত খসড়ার সঙ্গে বর্তমানে সংসদে উত্থাপিত খসড়ার মূল যে পার্থক্য, তা তুলে ধরেন আলোচকেরা। বৈষম্যের শিকার ভুক্তভোগী দলিত, হরিজন, প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া, ট্রান্সজেন্ডার, যৌনকর্মী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের সুপারিশ তুলে ধরেন।

ওয়েবিনারে এমজেএফের সমন্বয়কারী রুমা সুলতানা আগের খসড়া এবং উত্থাপিত বিলের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নাগরিক সমাজ, আইন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের বৈষম্যবিরোধী আইনের খসড়ায় বৈষম্যমূলক আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছিল। কিন্তু উপস্থাপিত বিলে শাস্তির কোনো বিধান রাখা হয়নি। প্রস্তাবিত আইনে বৈষম্যমূলক আচরণ বা কার্যের ফলে ফৌজদারি প্রতিকারের কোনো বিধান রাখা হয়নি, যা আইনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে।

বৈষম্যের শিকার ব্যক্তির প্রতিকার প্রাপ্তির প্রক্রিয়াকেও জটিল করা হয়েছে। খসড়ায় বৈষম্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা অসম্পূর্ণ। সেল গঠন, কমিটি গঠনের কথা বলা হলেও তার ব্যাখ্যা-বিশ্লেষণ নেই।

পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস ওয়েবিনারে দলিতদের পক্ষ থেকে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা জন্মের প্রথম দিন থেকেই যন্ত্রণার মধ্যে থাকি। অবাক হই স্বাধীন দেশ বা সংবিধান আমাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা স্বপ্নে বিভোর হয়ে আছি, আইনটি পাস হলে মর্যাদাপূর্ণ জীবন পাব। তবে সংসদে উত্থাপিত বিল দেখে হতাশ হয়েছি, স্বপ্ন ভঙ্গ হয়েছে।’

আলোচনায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, সংসদে উত্থাপিত বিলটি দেখে আমি হতাশ হয়েছি। আইনটির নাম দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আইন, আইনটির নাম হবে বৈষম্য বিলোপ আইন। নাগরিক সমাজসহ অন্যদের খসড়ায় বৈষম্য বিলোপের কথা ছিল। উত্থাপিত বিলে আগের খসড়াগুলোর কোনো প্রতিফলন নেই। বিলটি নিয়ে অনেক কাজ করতে হবে। কতটুকু করতে পারব জানি না।’

শামীম হায়দার পাটোয়ারি বিলের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিলের ১৫ নম্বর ধারায় বলা হয়েছে, এ আইনের বিধানাবলি অন্যান্য আইনের বিধানের ব্যত্যয়ে না হয়ে তার অতিরিক্ত হবে। এ ধারার ফলে আইনটি বি বা সি ক্যাটাগরির আইনে পরিণত হবে। তিনি আইনের আওতায় আলাদা একটি কমিশন গঠনের সুপারিশ করেন। মনিটরিং কমিটি যদি রাখতেই হয়, তাহলে বৈষম্যের শিকার নারীসহ সব প্রতিনিধির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অধীনে বৈষম্যবিরোধী সেল থাকবে এবং প্রয়োজনে দেশের যেকোনো স্থানে তার শাখা কার্যালয় স্থাপন করা যাবে। শামীম হায়দার পাটোয়ারি বিলের এ বিষয়টি দেখার জন্য এ বিভাগ দায়িত্বপ্রাপ্ত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এ বিভাগের কাজ ড্রাফট করা আর সংসদের বিভিন্ন বিষয় দেখা। আইন প্রণয়নের পর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বা সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলবে এগুলো দেখার দায়িত্ব তাদের নয়। তাই সেলের দায়িত্ব আন্তমন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা প্রয়োজন। এ ধরনের আরও অসংগতি তুলে ধরে সব মিলে আইনের খসড়াটিতে কাঠামোগত ত্রুটি আছে বলে মন্তব্য করেন এই সাংসদ। এ ছাড়া আইন ভঙ্গ করলে শাস্তি থাকলে তখন মানুষ আইন মানতে বাধ্য হবে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকেই বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। কিন্তু কথাটি তখনই কার্যকর হয়, যখন আইন বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা দৃশ্যমান হয়, দক্ষ বিচারব্যবস্থার পাশাপাশি সজাগ নাগরিক সমাজ থাকে। আইনটির খসড়ায় উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে কোনো বৈষম্যমূলক আইন নেই, কথাটি সত্য নয়।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, আইনে বৈষম্যমূলক কাজের তালিকায় বৈষম্যের চেহারাকে সামগ্রিকতায় চিহ্নিত করা না হলে আইনে উল্লেখ নেই বলে বিচারপ্রার্থীদের ফিরিয়ে দেওয়া হতে পারে। আইনের খসড়ায় প্রতিকার চাওয়ার যে প্রক্রিয়া, তাকে আমলাতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বিচারপ্রার্থীরা দেওয়ানি না ফৌজদারি কোন আদালতে যাবেন, আইনে তা স্পষ্ট করতে হবে বলেও উল্লেখ করেন।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম ওয়েবিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, আইনের মাধ্যমে প্রান্তিক মানুষ যেন বিচার পান, সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। ভুক্তভোগী মানুষ নিজে যদি সরাসরি আদালতের শরণাপন্ন হতে না পারেন, তাহলে এ ধরনের আইন কতটা দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। প্রতিকার চাইতে গিয়ে এ মানুষগুলো যাতে আবার নতুন করে হেনস্তার শিকার না হন, তা–ও নিশ্চিত করতে হবে।

শাহীন আনাম বলেন, দেশে আইন ও নীতির কোনো অভাব নেই। তবে এগুলো বাস্তবায়নে সমস্যা রয়ে গেছে। তবে এটাও ঠিক যে শুধু আইন দিয়ে বৈষম্য দূর করা সম্ভব হবে না, মনমানসিকতায় পরিবর্তন আনতে হবে।

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহ ঠাকুরতা আইনটির খসড়ায় কমিটিনির্ভর আমলাতান্ত্রিক যে প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে, তাতে বিচারপ্রার্থীদের মনে ভীতি থেকে যাবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, আইনের খসড়ায় যে মনিটরিং কমিটির কথা বলা হয়েছে, তার কতটুকু ক্ষমতা, তা স্পষ্ট করতে হবে।

নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন বলেন, দলিত বা হরিজন সম্প্রদায়ের মানুষকে মৌখিকভাবে অপমান করার যে বিষয়টি, তা আইনের খসড়ায় বাদ পড়ে গেছে। বৈষম্যের প্রতিকার প্রার্থী কেউ যদি আইনের অধীনে গঠিত কমিটিকে বিশ্বাস করতে না পারেন, তাহলে তিনি যাতে সরাসরি আদালতে যেতে পারেন, সে ব্যবস্থা থাকতে হবে। দলিত বা মাইনরিটি কমিশন নামে পৃথক একটি কমিশন গঠনের সুপারিশ করেন তিনি।

আলোচনায় অন্যান্যের মধ্যে চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে আশরাফুন নাহার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির লিয়াজোঁ অফিসার শামিউল শাম্মী, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক বাংলাদেশের প্রেসিডেন্ট আলেয়া আক্তার প্রমুখ অংশ নেন।