পিবিআইয়ের তদন্ত
যেভাবে খুনের রহস্য বের হলো
কোনো সূত্র ছিল না এমন সাতটি খুনের রহস্য এক সপ্তাহে উদ্ঘাটন করেছে পিবিআই।
ঢাকার আশুলিয়ার গত মার্চে নিজ বাসায় খুন হন ডিশ ব্যবসায়ী এলিম সরকার। স্ত্রী সুলতানা আক্তার জানালেন, তিনি সকালে কাছেই শ্বশুরের বাসায় যান। বাসায় ফিরে দেখেন স্বামীর জবাই করা লাশ পড়ে আছে। খুনিরা সিসি ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) নিয়ে গেছে। ফলে কোনো ফুটেজও নেই। স্ত্রীর সন্দেহ ডিশ ব্যবসার বিরোধে খুন হয়েছেন। কিন্তু তদন্তে কোনো কূল পাচ্ছিল না পুলিশ।
মাস তিনেক পর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তখনো ঘটনার কোনো সূত্র (ক্লু) পাওয়া যাচ্ছিল না। নিহত এলিমের সঙ্গে কারও কোনো বিরোধের তথ্যও পাওয়া যাচ্ছিল না। তদন্তকারীরা জানতে পারেন, এলিমের বাসায় পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান রবিউল করিমের (পিন্টু) যাতায়াত ছিল। এলিম খুন হওয়ার পর তিনি একবারের জন্যও সেই বাসায় যাননি।
গত এক সপ্তাহে এমন সাতটি সূত্রবিহীন হত্যার রহস্য উদ্ঘাটন করার কথা জানিয়েছে পিবিআই।
এটাকে সূত্র হিসেবে ধরে অনুসন্ধানে নেমে তদন্তকারীরা জানতে পারেন, রবিউল করিমের সঙ্গে এলিমের স্ত্রী সুলতানার মুঠোফোনে যোগাযোগ ছিল, যা খুনের ঘটনার পরে বন্ধ হয়ে যায়। দুজনের গতিবিধি এক মাস পর্যবেক্ষণের পর তদন্ত কর্মকর্তার সন্দেহ হয় সুলতানার সঙ্গে রবিউলের সম্পর্ক রয়েছে। এরপর দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানা গেল, স্ত্রীর সঙ্গে কারও সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন এলিম। তাই বাড়ির শোবার ঘরেও সিসি ক্যামেরা বসায়। এ নিয়ে ক্ষিপ্ত ছিলেন সুলতানা। এর জের ধরেই রবিউলকে সঙ্গে নিয়ে সুলতানা খুনের পরিকল্পনা করেন। প্রথমে এক দফা চেষ্টা করে ব্যর্থ হন।
এলিম খুন হন ২৭ মার্চ। গত সোমবার রবিউলকে ও পরদিন সুলতানাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক মো. সালে ইমরান প্রথম আলোকে বলেন, প্রথম দফায় খুনের পরিকল্পনার অংশ হিসেবে রবিউলের ঠিক করা দুজনকে পোশাক কারখানার কর্মী পরিচয়ে মার্চের শুরুতে এলিমের বাসায় ভাড়াটে হিসেবে তোলা হয়। কিন্তু ১৫ দিনেও ওই দুজন পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে চলে যান। এরপর রবিউল তাঁর এক সহযোগীকে নিয়ে নতুন পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২৬ মার্চ রাতে সুলতানা দইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এলিমকে খাইয়ে দেন। পরদিন সকাল আটটার দিকে অচেতন এলিমকে গলা কেটে হত্যা করেন রবিউল ও তাঁর সহযোগী। এর পরপর সুলতানা একই এলাকায় শ্বশুর ফজল হক সরকারের বাসায় যান। সেখান থেকে ১০টার দিকে বাসায় ফেরেন এবং কান্নাকাটি করে স্বজনদের জানান যে এলিম খুন হয়ে পড়ে আছেন।
নৌকাডুবি থেকে খুন
গত বছরের ১৪ আগস্ট মুন্সিগঞ্জের শ্রীনগরের নিমতলীতে কিশোর সাজ্জাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছিল, নৌকা ডুবে সে মারা গেছে। কিন্তু সন্দেহ তৈরি হয় ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর। তাতে বলা হয়, মাথায় আঘাত ও পানিতে ডোবার কারণে সাজ্জাদের মৃত্যু হয়েছে।
ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে পিবিআই। একপর্যায়ে বিষয়টি সন্দেহজনক মনে হয়। মুন্সিগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার সময় সাজ্জাদের সঙ্গে কারা ছিলেন—এ নিয়ে খোঁজ শুরু করলে সাজ্জাদের ফুফাতো ভাই নয়ন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। পরে গত ২২ আগস্ট নয়নকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে নয়ন (২২) জানান, ঘটনার দিন তিনি, সাজ্জাদ ও তাঁদের বন্ধু মারুফ রহমান বেড়াতে বের হন। রাতে সবাই ছোট নৌকায় নয়নের নানার বাড়ি যাচ্ছিলেন। তখন তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে সাজ্জাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে নয়ন। তাতে সাজ্জাদ মারা গেলে লাশ পানিতে ফেলে দিয়ে নৌকাডুবির ঘটনা সাজায়।
খুনের কারণ বের হলো তিন বছর পর
২০১৮ সালের ২ অক্টোবর মুন্সিগঞ্জের মানিকপুর এলাকায় খুন হন অটোরিকশাচালক মিন্টু মিয়া। এরপর থেকে মিন্টুর পূর্বপরিচিত মারুফ শরীফ হাসান ও তাঁর বাবা-মা নিখোঁজ হয়ে যান। এই খুন ও নিখোঁজের কোনো কূল-কিনারা করা যাচ্ছিল না।
ঘটনার তিন বছর পর তদন্তের একপর্যায়ে পিবিআই জানতে পারে, শরীফ বেঁচে আছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাঁকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। শরীফ জানান, তাঁর বন্ধু অজয় ডোমকে সঙ্গে নিয়ে তিনি ওই রাতে মিন্টুর অটোরিকশার গতিরোধ করে টাকা ও ফোন ছিনতাই করার চেষ্টা করেন। মিন্টু বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন।
গত এক সপ্তাহে এমন সাতটি সূত্রবিহীন হত্যার রহস্য উদ্ঘাটন করার কথা জানিয়েছে পিবিআই। এর মধ্যে ঢাকা, বরিশাল ও মাগুরায় একটি করে এবং মুন্সিগঞ্জ ও গাজীপুরে দুটি করে ঘটনা রয়েছে।
পিবিআইয়ের প্রধান উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, তদন্তে নিবিড় তদারকি, রহস্য উদ্ঘাটন পর্যন্ত লেগে থাকা এবং তদন্তসংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের ফলেই এসব সূত্রবিহীন মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।