মঞ্চে গিয়ে বক্তব্য না দিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম গেয়ে উঠলেন ‘পুরানো সেই দিনের কথা...’ গানটি। তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলেব্রিটি হলে উপস্থিত ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। কথাটি সবার প্রাণের কথা হওয়ায় গানের সুর, তাল, লয়ের দিকে কারোরই নজর ছিল না।গতকাল শনিবার স্কুলের ১৭৪তম বর্ষপূর্তিতে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে পুনর্মিলনীতে সবাই এভাবেই এক হয়ে গিয়েছিলেন।হলের ভেতরে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ, বয়সের কথা ভুলে গিয়ে দৌড়ে সতীর্থকে জড়িয়ে ধরা, স্মৃতি হাতড়ে শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়ার আকুলতা, কুশল বিনিময়—সব মিলিয়ে সবার মধ্যে অন্যরকম অনুভূতির জন্ম দেয়।স্কুলের প্রাক্তন ছাত্র প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম, স্থানীয় সরকারসচিব মঞ্জুর হোসেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, পাপেট শোর প্রতিষ্ঠাতা শিল্পী মুস্তাফা মনোয়ারসহ বর্তমানে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান আয়োজকদের মতে, স্কুল থেকে এত এত সেলিব্রেটি বের হয়েছে, মিলনমেলায় না এলে অনেকের পক্ষে জানাও সম্ভব ছিল না।১৮৩৫ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী স্কুলটি তার অতীত ইতিহাস ধরে রাখতে পারছে না বলে মিলনমেলায় প্রাক্তন ছাত্ররা কিছু একটা করার তাগিদ অনুভব করেন। পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত পুরোনো স্কুল ভবনটি দখল হয়ে গেছে, তাই সেটি পুনরায় প্রতিষ্ঠা করার আকুলতার কথাও জানান তাঁরা।১৯৩০-এর ব্যাচের শিক্ষার্থী ৯৪ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ শিল্পী সফিকুল আমীন মনের টানে অনুষ্ঠানে উপস্থিত হন, দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন। চলতি বছর স্কুলটি ১৭৫ বছর পূর্তি পালন করবে। নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, ট্রাস্ট ফান্ড গঠন, একটি অফিস ও ফাউন্ডেশন গড়ে তোলার কথা জানান এইচ টি ইমাম।সাবেক উপদেষ্টা সি এস করিম সদরঘাট এলাকাতেই স্কুলটির নতুন ক্যাম্পাস গড়ে তোলার কথা বলেন।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদকে কাছে পেয়ে স্কুলের বর্তমান ছাত্ররা তাঁকে ঘিরে ধরে। তাদের বায়না, অটোগ্রাফ দিতে হবে। ১৯৬৩ সালের ব্যাচের ছাত্র সাবেক এই গভর্নরের ভাষায়, ‘স্কুলে স্যারদের হাতে মার খেয়েছি। কিন্তু যা শেখার সে সময়েই শিখেছি। কেননা, শিক্ষকেরা সব উজাড় করে দিতেন। স্কুলের বাইরে প্রাইভেট না পড়েই ভালো রেজাল্ট করা যেত।’পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই ছুটলেন পুরোনো সহপাঠীদের টেবিলের দিকে। কবি ফজল শাহাবুদ্দিন ফিরে গেলেন পঞ্চাশের দশকের সংস্কৃতি, সাহিত্য ও জ্ঞাননির্ভর শ্রেণীকক্ষে। তিনি বলেন, তখন সব শিক্ষক ছিলেন গুরু আর সব ছাত্রই ছিল শিষ্য। বর্তমানে এর বড় অভাব।পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সংগঠন ঢাকা ইতিহাস গবেষণাকেন্দ্রের পরিচালক ১৯৬৪ ব্যাচের হাশেম সূফীর সঙ্গে ৪৫ বছর পর দেখা হয়েছে এক বন্ধুর। এত আনন্দের মধ্যেও প্রথম আলোর কাছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বৈরাচার এরশাদ সরকার আমাদের পুরোনো স্কুল ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। বর্তমানে আমাদের একটাই দাবি, ঐতিহাসিক ভবনটি ফিরিয়ে দেওয়া হোক।’প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ১৯৬৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। অবিভক্ত ভারতে স্কুলটির সুনামের কথা উল্লেখ করে তিনি স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর জোর দেন।পুনর্মিলনী সাংগঠনিক কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ১৯৬২ ব্যাচের ছাত্র বদিউর রহমান বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।