রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র চকবাজার, মৌলভীবাজার ও বেগম বাজার। যানজট ও ভাঙাচোরা রাস্তার কারণে নাকাল পুরান ঢাকার এই তিন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। রাস্তার প্রভাব পড়েছে তাঁদের ব্যবসা-বাণিজ্যে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৮ ও ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তিনটি এলাকা। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, এখানকার ভাঙাচোরা সড়কে দিনের ১৮ ঘণ্টাই যানজট লেগে থাকে। ফলে ক্রেতা-বিক্রেতাসহ সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। এতে ক্রমান্বয়ে কমছে এখানকার বাণিজ্যিক কার্যক্রম। অথচ জনবহুল ও ব্যস্ততম এই তিন এলাকার যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে রয়েছেন মাত্র তিনজন পুলিশ সদস্য।
মৌলভীবাজার, চকবাজার ও বেগম বাজারের অধিকাংশ সড়কের প্রশস্ততা ১০ থেকে ১৫ ফুট। তিন এলাকায় প্রায় ২০ হাজার দোকান রয়েছে। এলাকায় যাতায়াতের প্রধান বাহন রিকশা। তা ছাড়া, ব্যবসায়ীদের মালামাল ভ্যান, ঠেলাগাড়ি ও পিকআপ ভ্যানে করে এখানে আনা-নেওয়া হয়। এর ফলে এসব এলাকায় গাড়ির জট লেগেই থাকে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, চকবাজারে ভ্যান ও ঠেলাগাড়িতে করে মালামাল আনা-নেওয়া করছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী যানবাহনে প্রায় অর্ধেক সড়ক দখল হয়ে গেছে। এ কারণে যানজটও লেগে আছে। বেগম বাজার ও মৌলভীবাজারেও প্রায় একই দৃশ্য। সেখানকার প্রতিটি সড়কে যানজট লেগে রয়েছে। এসব এলাকার রাস্তায় পাশাপাশি দুটি রিকশা চলা দায়। রাস্তা ভাঙাচোরার কারণে সর্বত্র উড়ছে ধুলাবালি।
এদিন বেলা দেড়টার দিকে মালামাল ভ্যানে নিয়ে মৌলভীবাজারসংলগ্ন ওয়াটার ওয়ার্কস সড়কে যানজটে আটকে ছিলেন শরীয়তপুরের হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ভাবছিলাম মালামাল কিনে দ্রুত বাড়ি চলে যাব। কিন্তু মৌলভীবাজার থেকে এ পর্যন্ত আসতেই সময় লাগছে ৪৫ মিনিট। অথচ হেঁটে এলে সময় লাগত তিন থেকে চার মিনিট। সদরঘাট যেতে আরও কত সময় লাগবে জানি না।’
রাস্তায় গাড়ি রাখা প্রসঙ্গে চকবাজারের রহমান ট্রেডার্সের মালিক রহমান মিয়া বলেন, বিকল্প স্থান না থাকায় সড়কেই ভ্যান রাখতে হয়। তবে মালামাল ওঠাতে-নামাতে বেশি সময় নেওয়া হয় না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘনবসতিপূর্ণ এই তিন এলাকায় বৃষ্টি হলেই বাণিজ্যিক কার্যক্রম থমকে যায়। বেগম বাজারের মো. সোহাগ বলেন, ভাঙা সড়কে কাদাপানির কারণে হাঁটা যায় না।
মৌলভীবাজারের একাধিক ব্যবসায়ী বলেন, প্রতিদিন সকাল আটটার পর এসব এলাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সারাক্ষণই যানজট লেগে থাকে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের পণ্য কিনতেই দিনের অধিকাংশ সময় ব্যয় হয়। এখন অনেক ক্রেতার মধ্যে বিমুখতার ভাব তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, ভাঙা সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর মৌলভীবাজারে ভ্যান উল্টে একজন শ্রমিক নিহত হন। বিভিন্ন সময়ে আহত হয়ে পঙ্গু জীবনযাপন করছেন আরও অনেকে।
যানজট পরিস্থিতি নিয়ে কর্তব্যরত এক পুলিশ সদস্য বলেন, পুরান ঢাকার এসব এলাকার অধিকাংশ সড়কের প্রশস্ততা গড়ে ১৫ ফুট। তার ওপর ব্যবসায়ীরা সড়কে ঠেলাগাড়ি ও ভ্যান রেখে মালামাল ওঠানো-নামানো করেন। এ কারণে যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের বাধা দিতে গেলে উল্টো তাঁদের হুমকির মুখে পড়তে হয়।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, এই তিনটি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে সরকার। কিন্তু এই এলাকার রাস্তাঘাটই ভাঙাচোরা। সরকারের উচিত চকবাজার, বেগম বাজার, মৌলভীবাজারসহ আশপাশের বাণিজ্যিক এলাকার রাস্তাঘাট উন্নয়নে বিশেষ নজর দেওয়া।
জনদুর্ভোগের কথা স্বীকার করে ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের তিনটি স্থানে সড়ক ও ড্রেন সংস্কারের কাজ চলছে। যানজট কমাতে কমিউনিটি ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে। এ ছাড়া রাত ১১টার আগে মৌলভীবাজারে ট্রাক প্রবেশে নিষেধ করা হয়েছে।’
ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার পারভেজের সঙ্গে কথা বলা যায়নি।