যৌথ নরডিক দূতাবাসের উদ্বোধন আজ
জার্মানি ও ফ্রান্সের যৌথ দূতাবাসের পর এবার ঢাকায় নরডিক দূতাবাস চালু করছে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বেজ এজওয়াটার ভবনে এই তিন দেশের যৌথ দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী ইয়র্ন নিয়ের্গো লারসেন এবং নরওয়ের বাণিজ্য, শিল্প ও মৎস্য প্রতিমন্ত্রী ডিলেক আইহেন নরডিক দূতাবাসের উদ্বোধন করবেন।
ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি বাংলাদেশে কাজের অগ্রাধিকারের ক্ষেত্রে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মিল রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, একই মিশনের মাধ্যমে তিন দেশের কাজ চালানো সহজ ও ফলপ্রসূ হবে। যৌথ নরডিক দূতাবাসের মাধ্যমে তিন দেশ বাংলাদেশকে সমৃদ্ধ করতে অবদান রাখবে।
গত বছরের জুলাইতে গুলশানের নতুন ভবনে দূতাবাস সরিয়ে নেওয়ার আগে একই চত্বরের দুই ভবনে কাজ চালাত সুইডেন ও ডেনমার্ক। আর আলাদা একটি ভবনে দূতাবাস ছিল নরওয়ের।