যোগাযোগমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সড়ক যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং সড়কনিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায়ে অবিলম্বে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ দাবি করেছে ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর এবং চট্টগ্রামের মিরসরাইয়ে অর্ধশতাধিক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলা যায়। এসব মৃত্যুর দায় যোগাযোগমন্ত্রীকেই নিতে হবে। বক্তারা দুর্ঘটনারোধে অবিলম্বে সড়ক পরিবহনে নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজধানীসহ সারা দেশে যানজট নিরসন, সড়ক-মহাসড়ক সংস্কার এবং রেলওয়ে ব্যবস্থার উন্নয়ন দাবি করেন। কর্মসূচিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সিপিবির নেতা রুহিন হোসেন, সাবেক ছাত্রনেতা রাগীব আহসান মুন্না প্রমুখ বক্তব্য দেন। যুবমৈত্রীর সভাপতি সাদাকাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত। বিজ্ঞপ্তি।