রাজধানীর উত্তরখান থানা এলাকার এক বাসা থেকে গতকাল মঙ্গলবার খালেদা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। ঘটনার পর স্বামী আল আমিনসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। এ ছাড়া গত দুই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ চারজনের অপমৃত্যু হয়েছে। সবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ হত্যার অভিযোগ সম্পর্কে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, খবর পেয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উত্তরপাড়ার এক বাসা থেকে খালেদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় বাসায় কেউ ছিল না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা অভিযোগ করেন, যৌতুক না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খালেদাকে হত্যা করেছে। নিহত খালেদার বাবা আবু আলম স্বামীসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের জন্য মারধর করে হত্যা ও সহায়তার অভিযোগে মামলা করেছেন। আবু আলম প্রথম আলোকে বলেন, তিন মাস আগে আল আমিনের সঙ্গে খালেদার বিয়ে হয়। এক মাস ধরে আল আমিন ও তার পরিবার সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করে আসছিল। এ জন্য তারা প্রায়ই খালেদাকে মারধর করত। টাকা না পেয়ে খালেদাকে হত্যা করেছে তারা। পরে তা আত্মহত্যা হিসেবে চালানোর জন্য লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে। এদিকে গতকাল জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাজনীন রহমানের (২১) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসায় গলায় ফাঁস দিয়ে নাজনীন আত্মহত্যা করেন বলে পরিবার জানিয়েছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জে। বাবার নাম বজলুর রহমান। রমনা থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে মালিবাগে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সিরাজ (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাবা আবদুল মান্নান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাতে শ্যামপুর থানা ও পল্লবী থানা এলাকা থেকে যথাক্রমে দীনেশ বাবু রায় (৩৫) ও নাজিম উদ্দিন (৭০) নামের দুজনের লাশ উদ্ধার করা হয়। উভয়ের মৃত্যু আত্মহত্যাজনিত বলে পুলিশ জানায়।