যৌন নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে ট্রান্সজেন্ডার নারী সাদমুআর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেকআপ আর্টিস্ট সাদমুআ
ছবি: সংগৃহীত

মা–বাবার দেওয়া নাম ছায়েদ বিন রাব্বি শান্ত। তবে ট্রান্সজেন্ডার (রূপান্তরিত) নারী হিসেবে ছায়েদ নিজের নাম রেখেছেন সাদমুআ। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ আর্টিস্ট হিসেবে দেশ–বিদেশে সুনাম কুড়িয়েছেন তিনি। শুক্রবার যৌন নির্যাতন, হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগে তিনি রাজধানীর ভাটারা থানায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

সাদমুআ বলেন, ১০ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় এক রেস্তোরাঁয় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন তিনি। তখন মুঠোফোনে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তাঁর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি দেখা করতে চাইলে তাঁকে রেস্তোরাঁয় আসতে বলেন। পরে রেস্তোরাঁর বাইরে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। নিজের বাসা কাছে জানিয়ে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য তাঁকে বাসায় যাওয়ার অনুরোধ করেন। তারপর তাঁর বাসায় যান তিনি।

সাদমুআ অভিযোগ করে বলেন, ‘বাসায় গিয়ে রুমে বসার পরই একজন নারী ও একজন পুরুষ এসে মুঠোফোনে ভিডিও করা শুরু করেন। বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তাঁরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। আমার জেন্ডার নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন। আমি ওই লোকের বাসায় অনৈতিক কাজ করতে গিয়েছি, তা বলতে বলেন। তাঁরা বলতে থাকেন, কথা না শুনলে আমাকে মেরে ফেলবেন। তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক বলে দাবি করেন। তাঁদের সঙ্গে ওয়াকিটকি, ওয়্যারলেস ছিল।’

মুঠোফোনসহ বিভিন্ন জিনিস নিয়ে তাঁকে বাসার বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং ওই দুজন পুরুষ তাঁকে থানায় নিয়ে যাচ্ছে বলে গাড়িতে তোলেন বলে জানান সাদমুআ। তিনি বলেন, ‘তারপর রামপুরার দিকে গাড়ি থেকে নামিয়ে চলে যান তাঁরা। এরপর এক ট্রাফিক পুলিশের পরামর্শে ভাটারা থানায় যাই ১৩ জানুয়ারি। সেখানে বিভিন্ন তথ্য চায়।

তারপর বেশকিছু তথ্য সংগ্রহ করে ১৬ জানুয়ারি থানায় অভিযোগ করি। সেই অভিযোগের তদন্তে সন্তুষ্ট না হলে এবং থানায় মামলা না নিলে র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় ২১ জানুয়ারি ভাটারা থানায় মামলা করি।’

মামলার এজাহার অনুযায়ী, সাদমুআর কাছ থেকে আইফোন (১২ প্রো ম্যাক্স), হোয়াইট গোল্ডের চেইন, ডেবিট কার্ড ও এর পাসওয়ার্ড, বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ব্যাগে থাকা টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার সামগ্রী কেড়ে নিয়েছেন ওই চক্রের সদস্যরা।

এ বিষয়ে সাদমুআ বলেন, ‘আমার একটি পরিচিতি আছে। তারপরও তাঁরা আমার সঙ্গে এ ধরনের আচরণ করার সাহস পেয়েছেন। তাহলে অন্য ট্রান্সজেন্ডার নারীদের সঙ্গে কেমন আচরণ করতে পারে, তা বুঝতে পারছি। ওই মুহূর্তে মনে হয়েছিল, যেকোনোভাবে হোক আমাকে বেঁচে ফিরতে হবে। ঘটনার পর থেকে আমি ট্রমার মধ্যে আছি। আমি চাই অপরাধীরা যথাযথ শাস্তি পাক।’

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান মাসুদ প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত চলছে। এখনই এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’
ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ থেকে আন্তর্জাতিক মাস্টার্স করা আরেক ট্রান্সজেন্ডার নারী হোচিমিন ইসলাম ঘটনার পর থেকেই সাদমুআর পাশে ছিলেন। মামলা করার ক্ষেত্রেও সহায়তা করেন তিনি। হোচিমিন প্রথম আলোকে বলেন, তিনিসহ ট্রান্সজেন্ডার নারীদের প্রায় সময়ই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। বিভিন্ন চক্র তাঁদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে। এবার শিকার হলেন সাদমুআ। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

সাদমুআ দেশের প্রথম পুরুষ বিউটি ভ্লগার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত। মেকআপ টিউটেরিয়ালসহ বিউটি কেয়ারের বিভিন্ন ভিডিও কনটেন্ট বানান তিনি। ফেসবুক, ইউটিউবে তাঁর লাখো ফলোয়ার রয়েছেন।